• বাম আমলের অপশাসনের শিকার ফেলানি বসাক প্রয়াত
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রয়াত হলেন বাম আমলে তৃণমূলের রাজ্য কাঁপানো আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাক। তাঁর মূক ও বধির কন্যা দীপালি বসাকের ধর্ষণের প্রতিবাদে মমতার নেতৃত্বে গর্জে উঠেছিল গোটা রাজ্য। ফুলিয়ার বাসিন্দা সেই ৭৭ বছরের বৃদ্ধা ফেলানি বসাক সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    দীপালির ধর্ষণের প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূলের আন্দোলনে শামিল হয়েছিলেন ফেলানি দেবী। আন্দোলনের উত্তাল মুহূর্তে পুলিশের লাঠিচার্জের মধ্যে ফেলানি ও তাঁর মেয়েকে আগলে রেখেছিলেন মমতা। সেই স্মৃতি আমৃত্যু বয়ে বেড়িয়েছেন ফেলানি। পরিবার সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে ফেলানি দেবীর খোঁজখবর নেওয়া হতো নিয়মিত। জীবনভর দুঃখ-কষ্ট সঙ্গী হলেও মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর আবেগ ও সমর্থন অটুট ছিল।

    সোমবার তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেস নেতা ব্রজকিশোর গোস্বামী। তৃণমূলের পতাকায় ঢাকা হয় ফেলানি দেবীর মরদেহ। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিধায়ক।

    জীবনের একটা বড় সময় ফুলিয়ায় টিনের দোচালা ঘরে কাটানো ফেলানি দেবীর জীবনে দুঃখের শেষ ছিল না। দেশভাগের সময়ে ওপার বাংলা থেকে এপারে এসে নতুন করে জীবন শুরু করেছিলেন। কন্যার মর্মান্তিক পরিণতি, নাতনির দূরে চলে যাওয়া, সব কিছুর মধ্যেও তিনি আশা ছাড়েননি। মৃত্যুর আগে পর্যন্ত তাঁর একটাই আক্ষেপ ছিল, নাতনি স্নেহাকে একবার চোখে দেখা। ফেলানি বসাকের লড়াই ও প্রতিবাদের ইতিহাস রাজ্যের মানুষের মনে অমলিন হয়ে থাকবে।
  • Link to this news (বর্তমান)