নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের তালিতে রেল প্রকল্পের কাজ নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার তিনি বর্ধমানে জেলা পার্টি অফিসে ‘চার্জশিট’ পেশ করতে আসেন। বিজেপির সেই চার্জশিটেও রেলের কাজের সমালোচনা করা হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, না বুঝেই গেরুয়া নেতারা সেমসাইড গোল করে ফেলেছেন। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের প্রশংসা করেন মিঠুন।
এদিন বিজেপির তারকা নেতা বলেন, তালিত রেলওয়ে ওভারব্রিজ প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে। প্রতিদিনই মানুষ নাজেহাল হচ্ছে। যানজটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এদিন তারকা নেতা লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পেরও প্রশংসা করেন। তিনি বলেন, ভালোই তো মানুষ টাকা পাচ্ছেন। আমরা ক্ষমতায় আসার পর টাকার পরিমাণ বাড়াব। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, বিজেপি নেতার দেরিতে শুভবুদ্ধির উদয় হয়েছে। তৃণমূল যা প্রতিশ্রুতি দেয় সেটা করে। সেটা তিনি বুঝতে পেরেছেন।
প্রায় দু’বছর আগে রেল ঢাকঢোল পিটিয়ে তালিতে ওভারব্রিজ তৈরির কথা ঘোষণা করে। ভেদিয়াতেও ওভারব্রিজ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন, রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। ভেদিয়াতেও কাজ শেষ হতে দেরি হয়। তালিতের কাজও বহুদিন আগে শুরু হয়েছে। প্রথমে একটি লেন চালু করার পরিকল্পনা করেছে রেল। তবে, সেই কাজ কবে শেষ হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের ক্ষোভ ঠাউর করতে পেরেই বিজেপি চার্জশিটে রেলকে দোষারোপ করেছে বলে অনেকেই দাবি করেছেন। বর্ধমান-সিউড়ি রাস্তার উপর তালিত রেলগেট কয়েক দশক ধরে স্থানীয় বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। প্রতিদিনই রেলগেটের দু’পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যাচ্ছে।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, আমাদের সাংসদ কীর্তি আজাদের জন্যই রেল তালিতে ওভারব্রিজ তৈরির কাজ শুরু করতে বাধ্য হয়েছে। তিনি এলাকার বাসিন্দাদের সমস্যার কথা সংসদে তুলে ধরেছিলেন। রেলবোর্ডকেও চিঠি দিয়েছেন। ছ’মাসের মধ্যে রেল ওভারব্রিজের একটি লেন চালু করে দেবে বলে জানিয়েছে। সেটা না হলে আবার রেলমন্ত্রকে সাংসদ যাবেন। এলাকার বাসিন্দারাও বলছেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে কীর্তি আজাদ তালিতে ওভারব্রিজ তৈরির আশ্বাস দিয়েছিলেন। সেই মতো ভোটে জেতার পর তিনি কোমর বেঁধে ময়দানে নামেন। রেলের কাজ নিয়ে তৃণমূলও ক্ষোভ প্রকাশ করেছে। তাদেরও অভিযোগ, অত্যন্ত ধীর গতিতে কাজ চলার জন্য তা চালু হতে অনেক সময় লাগবে। তৃণমূলের অভিযোগে বিজেপির তারকা নেতাও সিলমোহর দিয়েছেন।
শাসক দলের অবশ্য দাবি, ওভারব্রিজ তৈরির জন্য রেলকে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। জমি পেতে তাদের বেগ পেতে হয়নি। জেলা প্রশাসনের আধিকারিকরা একাধিকবার জমিদাতাদের সঙ্গে বৈঠক করে জমি দিতে রাজি করান। এছাড়া অন্যান্য কাজেও সহযোগিতা করা হয়। এবারের নির্বাচনে তৃণমূল সেই সব সাফল্য তুলে ধরবে। অন্যদিকে, কাজের সমালোচনা করে বিজেপির তারকা নেতা শাসক দলের হাতে বাড়তি অস্ত্র তুলে দিয়েছেন বলে অনেকে মনে করছেন। তবে, রাজনৈতিক মহলে মতে, বিজেপির ‘চার্জশিট’ এ তালিতের কাজের সমালোচনা করা হয়েছে। সেটাই তিনি সংবাদ মাধ্যমের সামনে পড়ে শোনান।