• উদয়পুরে পূর্তদপ্তরের কাজে বাধা ওড়িশার পুলিশের, উত্তেজনা তুঙ্গে
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাঁথি: সোমবার দীঘা লাগোয়া উদয়পুরে বাংলা­-ওড়িশা সীমানায় রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। এদিন পূর্তদপ্তরের উদ্যোগে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। তাদের এলাকায় রাস্তা তৈরি হচ্ছে, এই আপত্তি তুলে ওড়িশার তালসারি মেরিন কোস্টাল থানার পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ডাম্পার ও রোড রোলার আটক করা হয়। বেশ কিছুক্ষণ এনিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা চলার পর কাজ বন্ধ হয়ে যায়। সেখানে দীঘা ও উদয়পুর এলাকার মানুষজন জড়ো হওয়ায় উত্তেজনা ছড়ায়। সীমানা নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, আর তার জেরে এই ঝামেলা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দীঘা লাগোয়া উদয়পুর এলাকায় পিচ রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করেছিল পূর্তদপ্তর। কাজ চলাকালীন উদয়পুরের স্থানীয় লোকজন বাধা দেন। পরে খবর পেয়ে আসে তালসারি মেরিন কোস্টাল থানার পুলিশ। তারা কাজ বন্ধ করে দেয়। দাবি করে, ওই নির্দিষ্ট এলাকা ওড়িশার অন্তর্ভুক্ত। বিবাদ চলাকালীন তারা নির্মাণকাজে ব্যবহৃত ডাম্পার ও রোড রোলার নিজেদের হেপাজতে নিয়ে নেয়। রামনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূল নেতা দীপক সার বলেন, ওড়িশা যেহেতু বিজেপি শাসিত রাজ্য, তাই তৃণমূল শাসিত বাংলার কাজে বাধা দিচ্ছে। সবকিছু ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে। প্রশাসনিকস্তরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। জানা গিয়েছে, সীমানা নিয়ে জট কাটাতে দুই রাজ্যের পুলিশ-প্রশাসনের আধিকারিকরা খুব শীঘ্রই বৈঠকে বসবেন। উল্লেখ্য, এর আগেও রাস্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ও ওড়িশার সীমানায় স্থানীয় পুলিশ-প্রশাসনের মধ্যে ঝামেলা হয়েছে। ফের সংঘাত শুরু হল। ভুক্তভোগীরা সকলেই চাইছেন, দীর্ঘদিনের এই সমস্যার সুষ্ঠু সমাধান হোক।
  • Link to this news (বর্তমান)