নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মাসের শেষে আধার অ্যাপে নতুন সুবিধা যোগ করেছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। তারা জানিয়েছিল, ঘরে বসে এবার এই অ্যাপের মাধ্যমে আধারে মোবাইল নম্বর আপডেট করতে পারবে সাধারণ মানুষ। তা সম্ভব হবে ‘ফেস অথেন্টিকেশন’ ব্যবস্থার মাধ্যমে। এই পরিষেবা চালু করার পর বিষয়টি দারুণভাবে জনপ্রিয় হয়েছে বলে দাবি করল আধার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, প্রথম ২০ দিনেই দেশে ১০ লক্ষ মানুষ অ্যাপের মাধ্যমে ঘরে বসে মোবাইল নম্বর আপডেট করিয়েছেন।
প্রসঙ্গত, মোবাইল আপডেট করার ক্ষেত্রে সাধারণ মানুষকে আধার সেবাকেন্দ্র বা পোস্ট অফিসে যেতে হয়। তার জন্য মেটাতে হয় চার্জও। কিন্তু ঘরে বসে সেই পরিষেবায় এসব ঝক্কি নেই। আধার কর্তৃপক্ষ দাবি করেছে, নতুন রূপে আনা এই অ্যাপটি ডাউনলোড করার প্রবণতাও ভালো। দিনে গড়ে এক লক্ষ মানুষ তা ডাউনলোড করছেন। আগামী দিনে ঘরে বসে যাতে আরও বেশ কিছু পরিষেবা এই অ্যাপ থেকে পাওয়া যায়, তার উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ।