বিবাহিত কন্যারাও পাবেন মৃত সরকারি কর্মচারির প্রাপ্য টাকা
বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারিদের পরিবারের সুরক্ষায় বড়ো পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যা সন্তানরাও। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য অর্থদপ্তর।
প্রশাসনিক মহলের বক্তব্য, অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যু হয়েছে এমন কর্মীর নিকট আত্মীয় হিসাবে পরিবারে রয়েছেন শুধুমাত্র বিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন কন্যা। এতদিন যে নিয়ম বলবৎ ছিল তাতে ডেথ গ্র্যাচুইটি পেতেন শুধুমাত্র মৃত মহিলার কর্মীর ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, বাবা, মা, পুত্র, কন্যা, সৎ পুত্র বা কন্যা, অবিবাহিত কন্যা, বিধবা বোন, এবং ১৮ বছরের নীচের ভাই। এবার এই তালিকায় যুক্ত হলেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তথ্য সেচমন্ত্রী মানস ভুঁইয়া এবং কনভেনর প্রতাপ নায়েক। মানসবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই কর্মচারিদের উন্নতির কথা ভাবেন। যার ফল হচ্ছে এই ধরনের পদক্ষেপ।