• প্রশ্ন ভুল কি না খতিয়ে দেখতে কত টাকা নিয়েছে এসএসসি? রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই প্রশ্ন ভুল কি না, তা খতিয়ে দেখার জন্য আরজি জানিয়েছিলেন অনেক প্রার্থী। অভিযোগ, আবেদন জানানোর জন্য তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ওই প্রার্থীদের থেকে মোট কত টাকা নেওয়া হয়েছে, সোমবার তা জানতে চেয়ে এসএসসির কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। এমনকি, প্রশ্ন ভুল প্রমাণিত হওয়ার পরে প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে, তাও জানতে চেয়েছে আদালত।

    সোমবার বিচারপতি অমৃতা সিনহা এসএসসির কাছে জানতে চান, প্রশ্ন ভুল নিয়ে প্রার্থীদের থেকে কত টাকা তুলেছে এসএসসি? আর শর্ত অনুযায়ী, প্রশ্নে ভুল প্রমাণিত হওয়ার পরে প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে? শেষপর্যন্ত কত প্রশ্ন ভুল প্রমাণিত হয়েছে? এই সংক্রান্ত বিষয়ে কতকগুলি অভিযোগ জমা হয়েছে? এসব প্রশ্নের উত্তর দিতে হবে এএসসিকে। ওইসঙ্গে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, আইনেই যদি না থাকে, তাহলে কীসের ভিত্তিতে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হল?

    এসএসসির দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতে হাইকোর্টে মামলা দায়ের করেন চন্দন ধর-সহ পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, আপত্তি জানাতে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন প্রতি ১০০ টাকা করে নিয়েছে এসএসসি। অথচ আইনে এমন টাকা নেওয়ার কোনো বিধান নেই। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের এমনটাই দাবি।
  • Link to this news (বর্তমান)