আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অন্তর্গত খয়রাকান্দি মোড় সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পরপর তিনটি লরির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরিগুলোর সামনের ও পিছনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়। ঘটনায় লরির চালক এবং খালাসিরা গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনার ফলে ১২ নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক পথে যান চলাচল বন্ধ থাকে। পরে ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে অন্ধকারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খয়রাকান্দি মোড় সংলগ্ন এলাকায় অন্য একটি লরির পেছনে ধাক্কা মারে। তারপর সেই লরিটি তার সামনে আরও একটি লরিকে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে লরির সামনের ও পিছনের অংশগুলো। পাশাপাশি আহত হয়েছেন লরির চালক এবং খালাসিরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের তৎপরতায় তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে।
সমীর বাগ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘মঙ্গলবার ভোররাতে লরির ধাক্কার বিকট আওয়াজ আমরা শুনতে পাই। তারপর রাস্তায় এসে দেখি বহরমপুর থেকে মালদাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনের লরিতে ধাক্কা মেরেছে। তারপর সেই লরিটিও তার সামনের লরিতে আঘাত করেছে। ফলে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটে লরি এবং আহত হয়েছেন তার ভেতরে থাকা চালক এবং খালাসিরা।’ তিনি আরও বলেন, ‘রাস্তায় অন্ধকার থাকায় সম্ভবত দেখতে না পেয়েই লরিটি তার সামনের লরিতে ধাক্কা মারে।’
ঘটনার জেরে সকাল থেকেই ফরাক্কার খয়রাকান্দি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্থ লরিগুলোকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অন্ধকারের কারণে দৃশ্যমানতা কম থাকায় নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষ তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।