• বাঘে-মানুষে লড়াই করেও বাঁচানো গেল না মৎস্যজীবীকে, চামটার জঙ্গলে সাংঘাতিক ঘটনা
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সঙ্গীরা চেষ্টা করেছিল সবটুকু দিয়ে। বাঘে-মানুষে চলে অসম লড়াইও। তবু রক্ষা করা যায়নি সুন্দরবনের মৎস্যজীবী গোপাল ঢালিকে (৩৫)। বাঘের হানায় মৃত্যু হয় তাঁর। সোমবার সুন্দরবনের চামটার জঙ্গলে ঘটনাটি ঘটেছে। ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ত্রিদিবনগর এলাকার বাসিন্দা ছিলেন গোপাল। বাড়িতে রয়েছে স্ত্রী ও ছোট সন্তান। এই খবরে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

    গ্রামবাসীরা জানান, রবিবার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়েছিলেন গোপাল। জীবিকার তাগিদে প্রায়ই সুন্দরবনের গভীর জঙ্গলে যেতে হয় তাঁদের। সোমবার সকালে চামটা এলাকায় কাজ করার সময়ে আচমকাই একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। দুই সঙ্গী চিৎকার করতে থাকেন, লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তুলে কোনওক্রমে গোপালকে বাঘের কবল থেকে উদ্ধারও করেন।

    কিন্তু গোপালের আঘাত ছিল গুরুতর। সেই অবস্থাতেই সঙ্গীরা দ্রুত জঙ্গল থেকে বের করে আনেন। তবে, শেষরক্ষা হয়নি। আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসার আগেই তাঁর মৃত্যু হয় বলে খবর। মঙ্গলবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় আরও একবার প্রশ্ন ধীবরদের নিরাপত্তা নিয়ে।

    কিছু দিন আগেই সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় আরও এক মৎস্যজীবীর মৃত্যু হয়। সুন্দরবন কোস্টাল থানা এলাকার ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনিও দুই প্রতিবেশীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

  • Link to this news (এই সময়)