১৫০০ টাকার জিন্স পাওয়া যাবে মাত্র ৮০ টাকায়! ১০০০ টাকার টি শার্ট মিলছে ৫০ টাকায়। মহিলাদের দামি পোশাকও একলাফে ডিসকাউন্টে মিলছে ১০০ টাকায়। সবমিলিয়ে ভুরি ভুরি অফার। ইউটিউবে এই প্রস্তাব দেখে আহ্লাদে আটখানা হয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ব্যবসায়ী বিজয় দুবে। তড়িঘড়ি হাওড়ায় (Howrah) এসেছিলেন তিনি। তখনও বুঝতে পারেননি, সস্তায় জিনিস কেনার টোপ দিয়ে তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। জানা গিয়েছে, কম দামে এই জিনিসগুলি কেনার জন্য তিনি ৫০ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। কিন্তু বিনিময়ে কোনও পোশাক ফেরত পাননি তিনি। হাওড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এই ব্যবসায়ী। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিজয় জানান, ইউটিউবে তিনি এই ‘বাম্পার ডিসকাউন্ট’-এর বিষয়টি জানতে পারেন। তিনি যোগাযোগ করেছিলেন জামা, প্যান্ট এবং মহিলাদের পোশাক কিনবেন বলে। হাওড়ার টিকিয়াপাড়ার (Howrah Tikiapara) বাসিন্দা মিরাজ খান ওই ভিডিয়োটি তৈরি করেছিলেন। তা দেখে কয়েকদিন আগে জব্বলপুর হামসফর এক্সপ্রেস (Humsafar Express) ধরে সাঁতরাগাছিতে আসেন বিজয় এবং তিনি হাওড়ার একটি হোটেলে ওঠেন। পরের দিনে মিরাজ খান তাঁকে বাইকে চাপিয়ে মঙ্গলা হাটের বিভিন্ন দোকানে নিয়ে যান। সস্তায় ভালো জামা কাপড় দেখে পছন্দ হয়ে যায় বিজয়ের।
এর পরে প্রায় ৫০ হাজার টাকা নগদ দিয়ে তিনি জামাকাপড় বুক করেন। ডেলিভারির জন্য আলাদা করে দু’হাজার টাকা দেন। তাঁর সামনেই মালপত্র প্যাকিং করে ডেলিভারির জন্য পাঠানো হয়। কিন্তু এর পরেও বেশ কিছু মাল ডেলিভারি হয়নি। ফোনে মিরাজ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে হাওড়া ছেড়ে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। এর পরেই বিজয় বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। হাওড়া সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও অধরা অভিযুক্তরা।