• বাদল সরকার জন্মশতবর্ষে বিশেষ নাট্যোৎসব
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাদল সরকারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ২৭–২৮ ফেব্রুয়ারি নাট্যোৎসবের আয়োজন করতে চলেছে মিউনাস (মিতালী উৎসব নাট্য সংস্থা)। নাট্যপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি করা এই বিশেষ নাট্য আয়োজনে প্রবেশ অবাধ। 

    উৎসবের সামগ্রিক পরিকল্পনায় রয়েছেন উৎসব দাস। তাঁর ভাবনাতেই মিউনাসের ২৪ ঘণ্টা নাট্যোৎসবের সূচনা। ‘‌বছরে ৩৬৫ দিনের মধ্যে অন্তত একদিন থিয়েটারকে টানা ২৪ ঘণ্টা জাগিয়ে রাখা’‌–এই স্বপ্ন থেকেই ২০০৭ সালের ১২ মে তপন থিয়েটারে প্রথম এই আয়োজন শুরু হয়েছিল। সেই সূচনা লগ্নে উদ্বোধন করেছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মোহিত চট্টোপাধ্যায়।

    এবারের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কল্লোল ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত থাকবেন সঞ্জীব চট্টোপাধ্যায়, মুকুল সিদ্দিকী ও গৌতম বিশ্বাসের মতো আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন নাট্যদলের একসঙ্গে থাকা, খাওয়া, আড্ডা, গান–সব মিলিয়ে তৈরি হবে এক অনন্য থিয়েটার–উৎসবের আবহ। আয়োজকদের বক্তব্য, এটি কেবল নাটক মঞ্চস্থ করার অনুষ্ঠান নয়, বরং এক নাট্য–মিলনোৎসব। বিভিন্ন জেলার নাট্যদলকে আমন্ত্রণ জানিয়ে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। 

    থাকছে রূপকথার কেলেঙ্কারি, বগলা চরিত মানস, পাগলা ঘোড়ার মতো উল্লেখযোগ্য নাটক। আয়োজকদের আশা, বাদল সরকারের নাট্যভাবনার উত্তরাধিকারকে সামনে রেখে এই টানা ২৪ ঘণ্টার নাট্যোৎসব নতুন প্রজন্মের শিল্পীদেরও অনুপ্রাণিত করবে।

     
  • Link to this news (আজকাল)