• সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত! উচ্ছাস পর্যটকদের
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ছিল মরশুমের প্রথম তুষারপাত। সাদা চাদরে ঢেকে গেল উত্তরবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। ভোর হওয়ার পর থেকেই হালকা তুষারপাত শুরু হয়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা পাহাড়ি অঞ্চলকে এক মনোরম শীতের আবহে মুড়ে দেয়।

    তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে এলাকায়। অনেকেই শ্বেতশুভ্র প্রকৃতিকে উপভোগ করতে বেরিয়ে পড়েন। কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, আবার কেউ মেতে ওঠেন তুষার ছোড়াছুড়ির খেলায়। কেউ বা আবার নিছক দাঁড়িয়েই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। 

    হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক-এর যুগ্ম সম্পাদক তন্ময় গোস্বামী জানান, মরশুমের প্রথম তুষারপাত পর্যটন শিল্পে নতুন করে গতি আনবে। হোটেল ও হোমস্টেগুলিতে বুকিংয়ের চাপও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। তবে আনন্দের পাশাপাশি প্রশাসনের তরফে পর্যটকদের সতর্কতার সঙ্গে পাহাড়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

    চলতি বছরে সান্দাকফুর এই প্রথম তুষারপাত শীতের আমেজকে আরও জোরালো করে তুলল উত্তরবঙ্গে।
  • Link to this news (আজকাল)