• রণক্ষেত্র CEO দপ্তর, দোষী বিজেপি ‘প্রমাণ’ দিল তৃণমূল
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হল রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর। এদিন বিকেলে সিইও দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানেই পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। শুভেন্দুকে লক্ষ্য করে করে চোর স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি বিরোধী দলনেতাকে জুতো ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। পাল্টা ভিডিও (সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে অশান্তির অভিযোগ এনেছে তৃণমূল।

    এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে কমিশনের দফতরে যান শুভেন্দু। সিইও দপ্তরের বাইরে উপস্থিত ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যদের একাংশ শুভেন্দুকে দেখে চোর স্লোগান দিতে থাকেন। শুধু তাই নয় দপ্তরে প্রবেশ করার সময়ই শুভেন্দুকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ। এরপরই বিজেপিপন্থী বিএলও-রা সরব হন। বিক্ষোভরত বিএলও-দের একাংশের উপর চড়াও হন তাঁরা। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। 

    এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) পোস্ট করা হয়েছে তাদের এক্স হ্যান্ডলে। সেখানে উত্তেজিত বিজেপিপন্থী বিএলও-দের উদ্ধত অবস্থায় দেখায় যাচ্ছে। তৃণমূলের অভিযোগ, “এরা সকলে বিজেপির লুম্পেন, শুভেন্দু অধিকারির পোষা গুন্ডা। তারা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরের এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেছে। বিজেপির পতাকা উড়িয়ে উন্মত্ত দুর্বৃত্তরা সাংবাদিকদের সঙ্গে অশ্লীল আচরণ করেছে, পুলিশের ব্যারিকেড ভেঙেছে, বোতল ছুঁড়েছে এবং হিংস্র পশুর মতো তাণ্ডব চালিয়েছিল।”

    তৃণমূলের আরও অভিযোগ, “এটাই বিজেপির সংস্কৃতি। ভোটে হার নিশ্চিত জেনেই পোষ গুন্ডাদের ছেড়ে দিয়েছে সরকারি আধিকারিকদের আক্রমণ করার জন্য। শুভেন্দু অধিকারী ও তাঁর প্রভুরা হেরে গিয়েছেন। ২০২৬-এ সুনামি আসতে দেখে তাঁরা গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করছেন। আশা করি নির্বাচন কমিশন সবটা দেখছে। আমরা আশা করি তারা বিষয়টি সুপ্রিম কোর্টে জানাবে। বিজেপি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি করবে। যদি তারা তা না করে, তাহলে এটি হবে নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে অপবিত্র চুক্তির চূড়ান্ত, অকাট্য প্রমাণ।”

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, বেশ কিছু অভিযোগ ও দাবি নিয়ে এদিন সিইও-র সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। উত্তেজনা নিয়ে কিছু বলতে চাননি তিনি। এর আগেও বিএলওদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিরোধী দলনেতাকে। গত ডিসেম্বরেও তাঁকে ঘিরে স্লোগান তোলেন আন্দোলনকারীরা।
  • Link to this news (আজকাল)