• ২৮ ফেব্রুয়ারি হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মন্ত্রী ফিরহাদ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদে নতুন বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। মঙ্গলবার মুর্শিদাবাদ থানার আয়েসবাগের গোবিন্দপুর লাঠেরাজ মৌজায় ওই জমি পরিদর্শন করা হয়। সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের কো-মেন্টর শাওনি সিংহরায়, লালবাগের মহকুমা শাসক বনমালী রায় এবং জেলা ও মহকুমা প্রশাসনের অন্য আধিকারিকরাও পরিদর্শনে যান। ওই মৌজায় প্রস্তাবিত ১৩একর জমিতে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। আগামী ২৮ফেব্রুয়ারি নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বর্তমান রাজ্য সরকারের সময়ে এই জেলা একটি বিশ্ববিদ্যালয় পেয়েছিল। প্রথমে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত থাকলেও কিছুদিন আগে মহারাজা কৃষ্ণনাথের নামে এর নামকরণ করা হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেন। তাঁর ঘোষণার পরই জেলা প্রশাসনের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় জমি নির্বাচন সহ আনুষাঙ্গিক প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় গড়ার জন্য গোবিন্দপুর লাঠেরাজ মৌজায় মুর্শিদাবাদ এস্টেটের ১৩একর জমি নির্বাচন করা হয়। সেই জমিই এদিন পরিদর্শন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)