• ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত মাত্র ৫৪, ‘সাফল্য’ স্থান পাবে নির্বাচনের প্রচারে!
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা সহ গোটা দার্জিলিং জেলায় গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণের সাফল্য ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হতে চলেছে। গতবছর জেলায় ডেঙ্গু উল্লেখযোগ্যভাবে অনেকটাই কম ছিল। জেলায় ১০০ জন এবং শিলিগুড়ি পুর এলাকায় ৫৪ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে জলপাইগুড়ি জেলার সংযোজিত ১৪টি ওয়ার্ডের ২৫ জন ছিলেন।

    বিগত পাঁচ বছরে ডেঙ্গু আক্রান্তের হার এর থেকে অনেক বেশি ছিল। রোগীর ভিড় বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড না পেয়ে বহু রোগীকে ওয়ার্ডের মেঝে ও করিডরে রেখেও চিকিৎসা করা হয়েছে। শহরে ডেঙ্গুর এই হানায় শিলিগুড়ি পুরসভার ভূমিকা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। কিন্তু গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরসভার সাফল্য বিরোধীদের মুখ যেমন বন্ধ করে দিয়েছে। সেরকম এই সাফল্য এবারের ভোট প্রচারে তৃণমূলের হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

    শিলিগুড়ি পুরসভার সূত্রে জানা গিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে দার্জিলিং জেলার ৩৩টি ওয়ার্ডে মাত্র ২৯ জন পাওয়া গিয়েছিল। জলপাইগুড়ি জেলার সংযোজিত ১৪টি ওয়ার্ডে সেই তুলনায় একটু বেশি, ২৫ জন আক্রান্ত হয়েছিলেন। যেখানে গত পাঁচ বছরে ডেঙ্গু রোগী এর থেকে বেশি ছিল। ২০২২ সালে সর্বোচ্চ ২৭৯৭ জন আক্রন্ত হয়েছিলেন। শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে দার্জিলিং জেলার ৩৩টি ওয়ার্ডে ওই বার আক্রান্ত হয়েছিলেন ১৮৪৫ জন। সংযোজিত এলাকার ওয়ার্ডে আক্রান্ত হয়েছিলেন ৯৫২ জন। ২০২৩ আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে আসে। মোট ৫৪৩ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ৩৩টি ওয়ার্ড ৩৩৫ এবং সংযোজিত ১৪টি ওয়ার্ডে ২০৮ জন ছিলেন। ২০২৪ সালে আক্রান্ত আরও কমে ১৬৭ দাঁড়ায়। এর মধ্যে মাটিগাড়ার পঞ্চায়েত এলাকার ছ’জন ছিলেন।

    গতবছর শিলিগুড়ি পুরসভা সহ গোটা দার্জিলিং জেলায় ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। যা শিলিগুড়ি পুরসভার সহ দার্জিলিং জেলার ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
    দার্জিলিং জেলার পতঙ্গবাহিত রোগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সিএমওএইচ ডাঃ আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি শিলিগুড়ি পুরসভা সারা বছর নিবিড়ভাবে চালিয়ে এই সাফল্য পেয়েছে। সেজন্য গতবছর শিলিগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু ব্যাপক আকার নেয়নি।

    পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, সাফাই কর্মী, ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য সহ সকলের কৃতিত্বে এই সাফল্য। নতুন বছরেও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি আগের মতোই চলবে। গত ১ জানুয়ারি থেকে এখনো পর্যন্ত মাত্র একজনের ডেঙ্গু ধরা পড়েছে। লাগাতার প্রচারে মানুষ সচেতন হয়েছে। আমরা অবশ্যই এটা ভোটের প্রচারে নিয়ে আসব।
  • Link to this news (বর্তমান)