• রেশনে চাল না পেয়ে বালুরঘাটের সুকান্ত কলোনিতে গ্রাহকদের বিক্ষোভ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: এক মাস ধরে দুয়ারে রেশনে চাল পাচ্ছেন না গ্রাহকরা। তাঁদেরকে চালের স্লিপ দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও মিলছে না চাল। পরিবর্তে চিনি, আটা ও ছোলা দেওয়া হচ্ছে। বিনামূল্যে চাল পাওয়ার জন্য হাতে স্লিপ থাকলেও ঘুরতে হচ্ছে গ্রাহকদের। অনেকে আবার সামগ্রীর পরিবর্তে সরাসরি টাকা নিচ্ছেন। অভিযোগ, গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই এই চিত্র। তবে মঙ্গলবার এনিয়ে উত্তেজনা ছড়াল বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায়। প্রথমে গ্রাহকদের সঙ্গে রেশন ডিলার ও কর্মীদের বচসা শুরু হয়। এরপরেই দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। যদিও বা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রাহকরা ওই রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার।

    দক্ষিণ দিনাজপুর জেলার খাদ্য নিয়ামক শুভাশিস গোস্বামী বলেন, চাল তো সব জায়গায় দেওয়া হচ্ছে। বাড়তি কিছু সামগ্রী দেওয়া হচ্ছে। গ্রাহকরা চাল না দেওয়ার অভিযোগ তুলেছেন। সমস্ত অভিযোগ আমরা খতিয়ে দেখছি। এনিয়ে মহকুমার খাদ্য নিয়ামককে তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ওই রেশন ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সংশ্লিষ্ট রেশন ডিলার রাকেশ বিশ্বাস বলেন, গ্রাহকদের অভিযোগ ভিত্তিহীন। চাল সহ অনেক সামগ্রী দেওয়া হয়। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। যাঁদের কাছে স্লিপ রয়েছে, তাঁরা আমার কাছে টাকা চেয়েছিলেন। আমার কাছে অত টাকা নেই। এছাড়া এখন পর্যাপ্ত চালও নেই। আমি বলেছিলাম শুক্রবার এসে দিয়ে দেব। কিন্তু তাঁরা এসে বিক্ষোভ দেখান।
    এবিষয়ে পলাশ নট্ট নামে এক ক্ষুব্ধ গ্রাহক বলেন, আমরা টাকা চাই না। আমরা চাল চাই। এক মাস আগে চাল দেওয়ার স্লিপ দিয়েছে। কিন্তু এখনও আমরা চাল পাচ্ছি না। চাল গমের পরিবর্তে আমাদের আটা দেওয়া হচ্ছে। মাঝেমধ্যেই সামগ্রী কম আনা হচ্ছে। এই অভিযোগেই আমাদের বিক্ষোভ।
  • Link to this news (বর্তমান)