• নজরে ৯ লক্ষ, সার–এর নথি যাচাইয়ের কাজ শুরু জেলা বিচারকদের
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, বারাসত: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর সার–এর (SIR) নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন বিচারকরা। সোমবারই বারাসতের জেলাশাসকের অফিসে ভার্চুয়াল বৈঠক করেছেন বিচারকরা। সেই বৈঠকের পর মঙ্গলবার থেকেই কাজ শুরু করেছেন বিচারকরা। এ দিন বারাসত–২ ব্লকের বিডিও অফিসে গিয়ে মধ্যমগ্রাম বিধানসভার লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের নথি যাচাইয়ের কাজ করেছেন বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এ দিন নথি যাচাইয়ের কাজে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ। মধ্যমগ্রামের পাশাপাশি বনগাঁর এসডিও অফিস এবং বনগাঁর বিডিও অফিসে ভোটারদের নথি যাচাই করেছেন দুই বিচারক। এ দিন বনগাঁ উত্তর কেন্দ্রের ভোটারদের নথি যাচাইয়ের কাজ হয়েছে বনগাঁর এসডিও অফিসে এবং বনগাঁ দক্ষিণের নথি যাচাই করা হয়েছে বনগাঁর বিডিও অফিসে।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় ৯ লক্ষেরও বেশি ভোটারের নথি ‘নিড টু বি রিভিউ’–এর সুপারিশ করেছেন অবজার্ভাররা। সরাসরি সন্দেহজনক তকমা না হলেও পুনর্বিবেচনার এই পর্যবেক্ষণই এখন অস্বস্তির কারণ হয়ে উঠেছে বহু ভোটারের কাছে। এই ভোটারদের ভবিষ্যৎ কী সেই উত্তর অবশ্য জানা নেই জেলা নির্বাচন দপ্তরের। বিচারকরা এই নথি রিভিউ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন ভোটাররা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাইক্রো অবজার্ভারদের রিপোর্টে ৫ লক্ষ ৪৪ হাজার ৫০৬ জন ভোটারের নথি পুনরায় খতিয়ে দেখার সুপারিশ এসেছে। আর রোল অবজার্ভারদের পর্যবেক্ষণে আরও ৩ লক্ষ ৬৩ হাজার ৫৩১ জনের ক্ষেত্রেও একই মন্তব্য, নথি রিভিউ প্রয়োজন। সব মিলিয়ে সংখ্যাটা ৯ লক্ষ ছাড়িয়েছে। ফলে, জেলার বিপুল অংশের ভোটারদের কি ফের শুনানির মুখোমুখি হতে হবে বলেই প্রশ্ন উঠেছে।

    তৃণমূলের (TMC) অভিযোগ, মাইক্রো অবজার্ভাররা বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেই বেশি নজর দিচ্ছেন। যে সব ব্লক ও বিধানসভায় সংখ্যালঘু জনসংখ্যা তুলনামূলক বেশি, সেখানেই রিভিউয়ের সংখ্যা বেশি। তবে, প্রশাসনের অবশ্য দাবি, তথ্যের গরমিল থাকার কারণেই এই পদক্ষেপ। সব মিলিয়ে এখন নজর বিচারকদের নথি যাচাইয়ের দিকে। কতজনের নথি বহাল থাকবে, কতজনকে সংশোধনের নির্দেশ দেওয়া হবে, আর কতজনের নাম তালিকা থেকে বাদ পড়বে— সেই উত্তরই স্পষ্ট হবে এই রিভিউ প্রক্রিয়ায়।

  • Link to this news (এই সময়)