• ভাঙড়ে আইএসএফ কর্মীর রান্নাঘরে মিলল বোমা–বন্দুক, ধৃত দুই
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, ভাঙড়: উদ্বোধন হওয়ার কয়েক ঘণ্টা আগেই থানা ভবন থেকে কয়েক কিলোমিটার দূরে তাজা বোমা, বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাঙড়ে। উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ২৮টি তাজা বোমা ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভোগালি ২ অঞ্চলের বানিয়াড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শেখ হাকিম ও সামিম খানকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে।

    পুলিশ সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা সামিম খানের বাড়ির রান্নাঘর থেকে ওই বোমা ও বন্দুক পাওয়া গিয়েছে। অভিযোগ, দিন কয়েক আগে এলাকার বাসিন্দা শেখ হাকিমের কাছ থেকে ওই বোমা ও বন্দুক নিয়ে এসে সামিমের বাড়ির রান্নাঘরে মজুত করে রাখা হয়েছিল। এ দিন গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে রান্না ঘরের ভিতরে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে। প্লাস্টিকের বস্তার মধ্যে লুকিয়ে রাখা বন্দুকও উদ্ধার করা হয়।

    অভিযুক্ত হাকিম ও সামিম এলাকায় আইএসএফ (ISF) কর্মী হিসেবে পরিচিত। এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘ভাঙড়ে আইএসএফ বোমা শিল্পের কারখানা তৈরি করতে চাইছে। আমার কনভয়ে বোমাবাজি করতে পারে। ওই এলাকার আইএসএফ নেতার বাড়ি থেকে বোমা, বন্দুক উদ্ধারের ঘটনা এটাই প্রমাণ করে যে ওরা এলাকা অশান্ত করতে চাইছে।’ আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, ‘ওরা মিথ্যা অভিযোগ করছে। কে বা কারা রাতের অন্ধকারে বাড়ির রান্নাঘরে বোমা রেখে দিয়ে আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’

  • Link to this news (এই সময়)