• ক্যান্সার চিকিৎসায় স্বনির্ভর হচ্ছে সাগর দত্ত, দু'মাসেই চালু হবে রেডিয়োথেরাপি
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অশীন বিশ্বাস ■ কামারহাটি

    নামেই ছিল ক্যান্সার ইউনিট। চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু'মাসের মধ্যে ক্যান্সার চিকিৎসায় (Cancer Treatment) স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল (Sagar Dutta Medical College)।

    বছর তিনেক আগে কয়েক কোটি টাকা ব্যয়ে সাগর দত্ত হাসপাতালে (Sagar Dutta Medical College) টার্শিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে। ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা হিসেবে সার্জারি এবং কেমোথেরাপি চালু হয়। কিন্তু অভিযোগ, ক্যান্সার চিকিৎসা শুরু হলেও উপযুক্ত পরিকাঠামোর অভাব থাকায় কোনও রোগী এলে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছিল।

    যার অন্যতম কারণ ছিল, রেডিয়োথেরাপি ইউনিট (Radiotherapy Unit) না থাকা। ৫২ কোটি টাকা ব্যয়ে এ বার সেই রেডিয়োথেরাপি ইউনিট তিনটি আধুনিক মেশিন বসছে সাগর দত্ত হাসপাতালে। যার মধ্যে একটি মেশিন ইতিমধ্যেই বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। যা পরিকল্পনা, তাতে আগামী দু'মাসের মধ্যে রেডিয়োথেরাপি ইউনিট চালু হবে এবং তাতে উত্তর শহরতলির ক্যান্সার (Cancer) আক্রান্ত রোগীদের চূড়ান্ত হয়রানি ও দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

    ক্যান্সার চিকিৎসায় ৩০টি বেড দিয়ে পথচলা শুরু করেছিল সাগর দত্ত হাসপাতাল। সেখানে সার্জারি ও কেমোথেরাপি চালু হলেও এতদিন ছিল না রেডিয়োথেরাপি। কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসার জন্য এই তিনটে ধাপই প্রয়োজন। ফলে রেডিয়োথেরাপি না থাকায় বহু রোগীকে কলকাতায় রেফার করা হচ্ছিল। শুধু তাই নয়, বছর খানেক আগে ব্র্যাকিথেরাপির মেশিন থেকে রেডিয়েশন লিকেজ ধরা পড়ে। এতে আতঙ্ক তৈরি হয়। ওই ইউনিট কার্যত বন্ধ হয়ে যায়। লিকেজ সারাই করে নতুন ও আধুনিক পরিকাঠামো তৈরি করা হয়েছে।

    রেডিয়োথেরাপি (Radiotherapy) ইউনিট ইনস্টলেশনের সঙ্গে এই ইউনিটের জন্য একজন রেডিয়েশন সেফটি অফিসার, চার জন রেডিয়োথেরাপিস্টও প্রায় এক বছর আগে নিয়োগ করা হয়েছে সরকারি স্তরে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেশিন ইনস্টলেশনের কাজ সম্পন্ন হলে খুব শিগগিরই তা অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তা চলে এলেই মাস দুয়েকের মধ্যে নতুন সাজে ক্যান্সার ইউনিট চালু হবে। পেট (পজিট্রন এমিশন টমোগ্রাফি) স্ক্যান মেশিন মেশিন বসানোরও পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, 'রেডিয়োথেরাপির মেশিন বসানোর কাজ শেষ হলে ক্যান্সার চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে আমরা অনেকটাই এগিয়ে যাব।'

  • Link to this news (এই সময়)