• কেবল মেরামতির সময় বিস্ফোরণ, ঘণ্টাখানেক বিদ্যুৎহীন লেক অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউয়ে আবাসনে আগুন
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোররাতে বৃষ্টির সঙ্গে বিদ্যুতের ঝলকানি। সেই বৃষ্টি থামতেই সকাল থেকে লেক অ্যাভিনিউতে শুরু হয় বিদ্যুতের কেবল মেরামতির কাজ। সেই কাজ চলাকালীন আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় কেবল লাইনে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও বিদ্যুতের কেবলে বিস্ফোরণের জেরে ওই এলাকা ঘণ্টাখানেকের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় সিইএসসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরিষেবা স্বাভাবিক হয়। মঙ্গলবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা আচমকা বিস্ফোরণের শব্দ পেয়ে বেরিয়ে আসেন। বিদ্যুতের তার তখন দাউ দাউ করে জ্বলছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে ট্রান্সফরমার থেকে কেবল লাইনটি প্রাথমিকভাবে বিচ্ছিন্ন করে দেন সিইএসসির কর্মীরা।

    সূত্রের খবর, কেবল লাইনে কোথাও ‘ফল্ট’ ছিল। বৃষ্টির জন্য ভেজা মাটির সংস্পর্শে আসতেই বিস্ফোরণ হয়। অন্যদিকে, এদিন সাদার্ন অ্যাভিনিউয়ের এক অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টা নাগাদ ৯ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। সূত্রের খবর, ফ্ল্যাটে এক প্রবীণ দম্পতি বাস করেন। অগ্নিকাণ্ডের সময় তাঁরা ফ্ল্যাটে আটকে পড়েন। দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা তাঁদের নিরাপদে বের করে আনেন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। প্রবীণ দম্পতিকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলের অনুমান, বাড়িতে পুজো দেওয়ার জন্য ধুপ ও প্রদীপ জ্বালিয়ে ছিলেন বৃদ্ধা। তা থেকেই অসাবধানতাবশত আগুন লেগে থাকতে পারে। পরে তা গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটে থাকা একাধিক আসবাব ও সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে। উল্লেখ্য, সাদার্ন অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাটেই সপরিবারে থাকেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। আতঙ্কিত হয়ে তিনিও বাইরে বেরিয়ে আসেন।
  • Link to this news (বর্তমান)