• বিচারকদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিল
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার থেকে রাজ্যের সমস্ত নিম্ন আদালতের বিচারকদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনির্দিষ্টকালের জন্য এই ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

    উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়াতে বিচারকদের নিযুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর দফায় দফায় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি দেখতে পান, বিপুল পরিমাণ অর্থাৎ প্রায় ৫০ লক্ষেরও বেশি নথির নিষ্পত্তি বাকি পড়ে রয়েছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। সেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় ৮০ দিন লেগে যেতে পারে। তার পরিপ্রেক্ষিতে ভিন রাজ্য থেকে প্রয়োজনে বিচারকদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যের সমস্ত ধরনের নিম্ন আদালতের বিচারকদের ছুটি বাতিল করা হল। কোনো মেডিকেল ইমার্জেন্সি ছাড়া ছুটি নেওয়া যাবে না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশের পর আগেই আগামী ৯ মার্চ পর্যন্ত বিচারকদের ছুটি বাতিল করা হয়েছিল। কিন্তু মঙ্গলবারের নির্দেশের পর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিচারকদের অনির্দিষ্টকালের জন্য কাজ করতে হতে পারে। তাই নতুন নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে, বিচারকদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিল। আপাতত নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকবে। তাৎপর্যপূর্ণভাবে বিচারকদের যে প্রশিক্ষণ চলে সেই সবও অনির্দিষ্টকালের জন্য থমকে গেল, এই বিষয়টিও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
  • Link to this news (বর্তমান)