• মা ফ্লাইওভারের গার্ডওয়ালে ধাক্কা, ১৮০ ডিগ্রি ঘুরল বিএসএফের ট্রাকের অভিমুখ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা। ব্রেক কষলে ১৮০ ডিগ্রি ঘুরে যায় বিএসএফ জওয়ানদের ট্রাকের অভিমুখ। চালক ও সহকারী মাথায় গুরুতর চোট পান।

    পুলিশ সূত্রে খবর, বিএসএফের একটি ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল পরমা আইল্যান্ডের দিকে। সামনে গাড়ি থাকায় মৃদু ব্রেক কষেন ট্রাকের চালক। তাতেই বিপত্তি। মুহূর্তে স্কিড করে যায় জওয়ান ভরতি ট্রাকের পিছনের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকে সরে আসে যাত্রীবাহী ট্রাকটি। মা ফ্লাইওভারের উপর কংক্রিটের গার্ডওয়ালে ধাক্কা মারে সেটি। উপরে যায় রেলিংয়ের একাংশ। কোনোক্রমে নিয়ন্ত্রণে আসে বিএসএফের ট্রাকটি।

    মঙ্গলবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডি এল খান রোড ক্রসিং থেকে এজেসি বোস ফ্লাইওভারে ওঠেছিল বিএসএফের ট্রাকটি। সাধারণত এজেসি বোস ও মা ফ্লাইওভারে ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, পুলিশ, সেনাবাহিনী ও আধাসেনার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা নেই। পার্ক সার্কাস কানেক্টর পার করে মা ফ্লাইওভার ধরে এই ট্রাক। বিশ্বকর্মা ভবনের কাছে উড়ালপুলের উপর আচমকা নিয়ন্ত্রণ হারায় যাত্রীবোঝাই গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানান, পরমা আইল্যান্ডমুখী ফ্ল্যাঙ্কের বাঁদিকের গার্ডওয়ালের সঙ্গে সংঘর্ষ হয়। বিকট শব্দ হতেই পিছনে থাকা গাড়িগুলি দাঁড়িয়ে যায়। গার্ডওয়াল ঘেঁষে প্রায় ২০ ফুট এগিয়ে যায় ট্রাকটি। উপড়ে যায় ৪টি রেলিং। চীনা মাঞ্জার প্রকোপ রুখতে সেই রেলিংগুলি ইনস্টল করা হয়েছিল। পুলিশের দাবি, গাড়িটি বেশি স্পিডে থাকলে উড়ালপুল থেকে নীচে পড়ে যেতে পারত। তাতেই বহু প্রাণহানির আশঙ্কা ছিল। এরপরই গাড়িটি সম্পূর্ণ ঘুরে যায়।

    খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানা ও তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ। ট্রাকের চালক ও সহকারী বিএসএফ জওয়ানকে উদ্ধার করা হয়। তাঁদের দু’জনেরই মাথায় চোট লাগে। ট্রাকেই ফার্স্ট-এইড কিট থাকায় প্রাথমিক চিকিৎসা করে দেন অন্যান্য জওয়ানরা। পরে পুলিশ আহত দু’জনকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছে, গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে ফ্লাইওভার থেকে পরমা আইল্যান্ডে নামানো হয়।

    এদিনের দুর্ঘটনায় গাড়ির অভিমুখ ১৮০ ডিগ্রি ঘুরল কীভাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে? দেখা গিয়েছে, দুর্ঘটনা কবলিত অংশে মা ফ্লাইওভারের উপর প্রচুর পরিমাণে তেল পড়ে রয়েছে। রাস্তায় তেল পড়ে থাকার জেরেই কী দুর্ঘটনা? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনার পরই ট্রাকটির জ্বালানি ট্যাঙ্ক ফুটো হয়ে যায়। সেই তেল রাস্তায় পড়ে। তার উপর জোড়ে ব্রেক কষতেই ঘুরে যায় গাড়ি। তেলের জেরে ফ্লাইওভারে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য বালি ছড়িয়ে দিয়েছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)