সংবাদদাতা, বসিরহাট: মাফিয়াদের গাড়ি থেকে মাটি পড়ে এমনিতেই রাস্তার পিচ্ছিল, বেহাল দশা। তার উপর একটু বৃষ্টিতেই তা মরণফাঁদ হয়ে উঠেছে। মাঝেমধ্যেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা, তা থেকে প্রাণহানিও। তবুও কারও কোনো হেলদোল নেই। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। মঙ্গলবার বাদুড়িয়ার কুলিয়া গ্রামে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। উত্তর কুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকশো গ্রামবাসী গাছ ও ইট ফেলে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমা মণ্ডল। তাঁকে দেখে বিক্ষোভ আরও তীব্র হয়ে পড়ে। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ এলে তাদের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ান স্থানীয় বাসিন্দারা।
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে বিক্ষোভ। কুলিয়া রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তসলিম আরিফ বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে। সামান্য বৃষ্টিতেই এই রাস্তা পিচ্ছিল হয়ে ওঠে। এর ফলে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যদের মদতে এই মাটি মাফিয়া রাজ চলছে দীর্ঘদিন ধরে। রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতির কথা এলাকাবাসীরা ইতিমধ্যে বিডিওকে জানিয়েছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও নয়বস্তিয়া অঞ্চলের প্রধান সঞ্জীব মণ্ডলকে বিষয়টি অনেকবার জানানো হয়েছে। তিনিও কোনো ব্যবস্থা নেননি। তবে এদিন বিক্ষোভকারীদের চাপে পড়ে উপপ্রধান আশ্বাস দেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে।
এদিকে, বিজেপির বসিরহাট যুব সভাপতি পলাশ সরকার বলেন, খোলাপোতা এলাকায় মাটি মাফিয়াদের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন এক যুবক। তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। সেই ঘটনার ৭২ ঘণ্টাও পার হয়নি। আর কত প্রাণ গেলে ঠান্ডা হবেন তৃণমূলের নেতারা? আমরা চাই এর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করুক প্রশাসন।