স্ত্রীকে খোরপোশ দেব না, কয়েদির পোশাক পরে থানায় ‘আত্মসমর্পণ’
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কয়েদির পোশাক পরে সটান থানায় ‘আত্মসমর্পণ’ করলেন অভিযুক্ত। বেনজির ঘটনাটি ঘটেছে দেগঙ্গায়। অভিযুক্তের নাম পার্থপ্রতিম পাল। তাঁর বাড়ি দেগঙ্গার চ্যাংদানা গ্রামে। মঙ্গলবার ওই কয়েদির পোশাক পরা অবস্থাতেই বারাসত আদালতে তোলা হয় তাঁকে।
দু’বছর আগে পার্থবাবুর স্ত্রী তাঁর বিরুদ্ধে খোরপোশের মামলা করেন। সেই সময় বেশ কিছুদিন জেল খেটেছেন তিনি। জেল থেকে ফিরে সিদ্ধান্ত নেন, আসামি যখন হয়েছি, তখন আদালতে তাঁকে হাজিরা দিতেই হবে। কিন্তু খোরপোশের টাকা দেবেন না বলে অনড় ছিলেন তিনি। ফলে, কোর্টের নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আগে জেলে থাকাকালীন কয়েদিদের পোশাক দেখে ‘পছন্দ’ হয়েছিল তাঁর। তাই জামিনে মুক্তি পাওয়ার পর দরজিকে দিয়ে কয়েদিদের পোশাক তৈরি করান তিনি। এদিকে, আদালতের নির্দেশ অমান্য করায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, বিষয়টি কানাঘুষো জানতে পেরেছিলেন পার্থবাবু। তাই, সোমবার নিজেই আগেভাগে দেগঙ্গা থানায় চলে আসেন। তাঁর পরনে ছিল সেই কয়েদির পোশাক। তা দেখে তাজ্জব বনে যান পুলিশ কর্মীরা। অবাক হয়ে যায় আম জনতা। পার্থর এক আত্মীয় বলেন, পার্থ নির্দোষ। তাই সে খোরপোশের টাকা দেবে না। পুলিশকে জানিয়েও দিয়েছে সেই কথা।