• মণিরামপুরে বেআইনি নির্মাণ, সিদ্ধান্ত শুক্রবারে
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মণিরামপুর এলাকায় একটি বেআইনি নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বিশেষ বোর্ড মিটিং ডাকল উত্তর বারাকপুর পুরসভা। ওই মিটিংয়ে বাড়িটির মালিক মিঠু বন্দ্যোপাধ্যায়কে অনুমোদিত বিল্ডিং প্ল্যান নিয়ে আসতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছাড় না মেনে এবং অনুমোদিত প্ল্যানের বাইরে অতিরিক্ত তল নির্মাণের অভিযোগ রয়েছে। ওইদিন সব কাউন্সিলারের উপস্থিতিতে ওই নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুর কর্তৃপক্ষ।

    এই বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রতিবেশী জয়ন্ত অধিকারী। এই অভিযোগ ঘিরে তুমুল গোলমাল হয়। কেন তিনি অভিযোগ জানিয়েছেন, সেকথা জয়ন্তবাবুর কাছ থেকে জানতে চান স্থানীয় তৃণমূল কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। তখন তাঁর ৮১ বছরের বৃদ্ধ বাবা তুলসী অধিকারী মাঝখানে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাবার এহেন মৃত্যুর পর ওই কাউন্সিলারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন জয়ন্তবাবু। সেই কেসে গত ৯ জানুয়ারি থেকে প্রথমে পুলিশ হেপাজত এবং বর্তমানে জেল হেপাজতে রয়েছেন কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল ছ’বছরের জন্য তাঁকে সাসপেন্ড করেছে। জয়ন্তবাবুকেও শুক্রবারের বিশেষ বোর্ড মিটিংয়ে ডাকা হয়েছে।
  • Link to this news (বর্তমান)