• দিমিত্রিকে নতুন জীবন দিলেন লোবেরা
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • দেবজিৎ ঘোষ: ছবি কথা বলে। যুবভারতীতে মোহন বাগান বনাম চেন্নাইয়ান ম্যাচের দ্বিতীয়ার্ধ চলছে। দিমিত্রি পেত্রাতোস জাল কাঁপাতেই ক্যামেরার জুমে সের্গিও লোবেরাকে দেখা গেল। স্প্যানিশ কোচের অভিব্যক্তিতে উচ্ছ্বাস, তৃপ্তি মাখামাখি। হয়তো বা অজি ফুটবলারের চেয়েও তিনি খুশি। এই ফ্রেমের ক্যাচলাইন হওয়া উচিত, লোবেরা জমানায় দিমির পুনর্জন্ম। অজি ফুটবলারকে প্রায় আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা হয়েছিল। হোসে মোলিনা সেভাবে ব্যবহার করেননি ওকে। মেদবহুল পেত্রাতোস ক্রমশ ধার হারাচ্ছিল। ঠিক এমন সময় কোচ বদল। মোলিনার পরিবর্তে মোহন বাগানে লোবেরার আগমন। দিমির কেরিয়ারে ঈশ্বরের আশীর্বাদ বয়ে আনলেন লোবেরা। চেন্নাইয়ান ম্যাচ দেখিয়ে গেল, পেত্রাতোস ফুরিয়ে যায়নি। এখনও অনেক বারুদ জমে ওর বুকে। স্টেনগান সেলিব্রেশনে হয়তো বার্তা দিতে চাইল, পিকচার আভি বাকি হ্যায় দোস্ত। পাঠক, গোলের মুহূর্ত মনে করুন। চলন্ত বলে লক্ষ্যভেদ মোটেও সহজ নয়। ঠিকঠাক পায়ে ও বলে সংযোগ না হলে বল উড়ে যাবে গ্যালারিতে। সেকেন্ডের ভগ্নাংশে সঠিক কাজ করেছে পেত্রাতোস। এতে প্রমাণিত, টাচে আছে অজি ফুটবলার।

    দিমিত্রিকে কীভাবে ব্যবহার করেন লোবেরা তা নিয়ে কৌতূহল ছিলই। অজি ফুটবলারের পায়ে জোরালো শট রয়েছে। বক্সের আশেপাশে বল পেলে জাল কাঁপাতে দক্ষ। ওটাই দিমির মুক্তাঞ্চল। এমন জায়গা থেকে পেত্রাতোসের পাঞ্চ বহুবার উতরে দিয়েছে পালতোলা নৌকাকে। কিন্তু এবার লোবেরা অনেকটা ডিপ থেকে খেলাচ্ছেন ওকে। ওয়ার্কলোড নেওয়ার পাশাপাশি খেলাটা সুইচ করার চেষ্টা করছে দিমি। নিজেকে প্রমাণের এই তাগিদ সঞ্চার করেছেন স্প্যানিশ কোচ। এটাই লোবেরার কৃতিত্ব। প্রয়াত সুভাষ ভৌমিকও ছিলেন প্লেয়ার্স কোচ। খারাপ সময়ে ফুটবলারদের পাশে দাঁড়িয়ে আগলে রাখতেন। লোবেরাও সেটাই করছেন। তবে স্বীকার করতেই হবে এখনও সেরা ছন্দ পায়নি দিমি। দু’বছর আগের স্পার্ক কিছুটা ফ্যাকাসে। কিন্তু চেন্নাইয়ান ম্যাচ ওর কাছে টার্নিং পয়েন্ট হতে পারে। গোল পাওয়ায় আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। যা পরবর্তী ম্যাচে টনিকের কাজ করতে পারে। পেত্রাতোস বড় ম্যাচের ফুটবলার। সঠিক মঞ্চে অতীতে বহুবার নিজেকে প্রমাণ করেছে। প্লে-মেকারের ঘাটতি কিছুটা মেটাতে পারলে লোবেরা এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটবে। মনে রাখতে হবে, লোবেরার অস্ত্রাগারে জেমি ম্যাকলারেন ঝলমল করছে। একফালি জায়গায় চকিত টার্নিং, চোরা গতি ওর সম্পদ। চেন্নাইয়ানের এলসিনহোকে টপকে যেভাবে বল জালে প্লেস করল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ঠিকঠাক বলের জোগান দিতে পারলে মোহন বাগানকে গোল নিয়ে ভাবতে হবে না।
  • Link to this news (বর্তমান)