এই সময়, শিলিগুড়ি: প্রায় তিন মাস পরে বৃষ্টি (Rainfall) নামল পাহাড়ে। মঙ্গলবার সকালে দার্জিলিংয়ে (Darjeeling) শিলাবৃষ্টি হয়। টানা তিন মাস শুকনো থাকার পরে এ দিনের এই বৃষ্টি সিন্ধুতে বিন্দু হলেও স্বস্তিতে পাহাড়ের বাসিন্দারা।
কেননা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (Weather Forecast) পূর্বাভাস, আগামী কয়েকদিন পাহাড়ে বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর সিকিমে (North Sikkim) প্রবল তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গের সমতল এলাকায় এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটকের (Gangtok) অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, 'পশ্চিমি ঝঞ্ঝার জেরেই তুষারপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টি হচ্ছে পাহাড়ে। ফলে শুকিয়ে যাওয়া ঝোরাগুলি ফের তাজা হয়ে ওঠার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গত তিন মাস অনাবৃষ্টির পরে বৃষ্টি এবং শিলাবৃষ্টি পাহাড়ের জন্য অবশ্যই স্বস্তির।'
এ দিন দার্জিলিংয়ে যখন শিলাবৃষ্টি নামে, তার আগেই প্রবল তুষারপাত হয় সান্দাকফুতে (Sandakphu)। মরশুমে এ বারই প্রথম এমন বিপুল স্নোফল হলো সেখানে। এই মুহূর্তে সান্দাকফুতে খুব বেশি পর্যটন নেই। তবে তুষারপাতের জেরে ফের পর্যটকদের ভিড় বাড়তে পারে বলে আশা করছেন ল্যান্ডরোভার চালকেরা। দার্জিলিংয়ের সঙ্গেই এ দিন শিলাবৃষ্টি হয় কালিম্পংয়ের নেওড়াতেও। তবে টাইগার হিলে শিলাবৃষ্টি কিংবা স্নোফল, কোনওটাই হয়নি।