• ফের ইমেলে বোমা হামলার হুমকি, এ বার টার্গেট সিউড়ি এবং আসানসোলের জেলা আদালত
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ইমেলে বোমা মেরে ওড়ানোর হুমকিতে চাঞ্চল্য সিউড়িতে। বুধবার সকালে সিউড়ি জেলা আদালতের (Suri District Court) জজের কাছে একটি ইমেলের মাধ্যমে বোমা-হামলার হুমকি দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি, বোমা হামলার হুমকি (Bomb Threat) দেওয়া হয় আসানসোল আদালতেও (Asansol District Court)।

    সূত্রের খবর, বুধবার সকালে সিউড়ি জেলা আদালতের বিচারকের কাছে একটি মেল আসে। সেই মেলে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে। দুপুর ১২টার মধ্যে কোর্ট চত্বর ফাঁকা করে দিতে হবে। যে কোনও সময়ে বিস্ফোরণ হতে পারে। এই হুমকি মেলের কথা প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। 

    DSP কুনাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কোর্ট চত্বরে এসে তদন্ত শুরু করেন। বম্ব স্কোয়াডও পৌঁছয় আদালত চত্বরে। আদালতের সব ঘরেই তল্লাশি চালানো হয়। তবে, এখনও পর্যন্ত বোমা খুঁজে পাননি তদন্তকারীরা। 

    এর পাশাপাশি বোমা হামলার মেল আসে আসানসোল জেলা আদালতেও। জানা গিয়েছে, বোমা মেরে আদালত উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। জেলা জজের কাছে ইমেল মারফৎ এই হুমকি দেওয়া হয়।

    তবে, এই প্রথম নয়। এর আগে মঙ্গলবারই বোমা হামলার হুমকি দেওয়া হয় আসানসোল আদালতে। স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশিও। পাশাপাশি, বোমা হামলার হুমকি দেওয়া হয় কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি-সহ একাধিক নিম্ন আদালতে। বার বার এই ভাবে আদালত চত্বরে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

    রাজ্যের এতগুলি আদালতে একের পর এক বোমা হামলার ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে গত বছরে বেশ কয়েকবার কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু–সহ দেশের বিভিন্ন প্রান্তে বিমানবন্দর, দর্শনীয় স্থান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে টাইম বোমার সাহায্যে উড়িয়ে দেওয়া হবে বলে ভুয়ো ই–মেল পাঠানো হয়েছিল। ঘটনায় বিক্ষিপ্ত ভাবে কয়েকজন গ্রেপ্তারও হয়। তবে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, বহরমপুর–সহ রাজ্যের এতগুলি কোর্টে একসঙ্গে বোমাতঙ্ক ছড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ। জেলা আদালতের বিচারকরা SIR-এর কাজে নিযুক্ত রয়েছেন। সেই কারণেই বেছে বেছে তাঁদের টার্গেট করা হতে পারে, এই তত্ত্বও সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ নিয়ে মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তিনি জানান, জেলা এবং অন্যান্য বিচারকেরা SIR-এর কাজ করছেন। রাজ্য সরকার তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করবে।

    উঠে আসছে ISI এবং মাওবাদী যোগও। কলকাতায় বোমাতঙ্কের ঘটনায় তদন্তভার নিয়েছে Special Task Force। সূত্রের দাবি, 'হট মেল ডট কম' ই-মেল আইডি ব্যবহার করে মঙ্গলবার এই বোমা-হামলার বার্তা পাঠানো হয়েছিল। পাশাপাশি তামিলনাড়ুর ডিজিপি-কেও মেল পাঠানো হয় বলে জানা গিয়েছে। সেখানে পুলিশের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। ই-মেলে জানানো হয়, মাওবাদী এবং পাকিস্তানের ISI-এর প্রাক্তন সদস্যরা দুপুর ১টা নাগদ নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটাবে। সবক'টি ই-মেল একই আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছে বলেই সন্দেহ পুলিশের।

    এ বিষয়ে মুখ খুলেছেন BJP নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলার ভোটার তালিকায় যাঁরা অনুপ্রবেশকারীদের রাখতে চান, তাঁদের মদতেই এই কাণ্ড ঘটেছে। তাঁর কটাক্ষ, রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় চলে। তাই তাদেরকে দিয়ে এই ঘটনার তদন্ত হবে না। কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এই ঘটনার তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)