• পশ্চিমবঙ্গে নতুন ডিজি পদমর্যাদায় জাভেদ শামীম!
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চপদে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের গৃহ ও পাহাড় বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আইপিএস কর্মকর্তা জাভেদ শামীমকে পদোন্নতি দিয়ে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) পদে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ১ মার্চ ২০২৬ থেকে পদোন্নতি হয়ে পূর্বের বিভাগ এস টি এফ এবং আইবি বিভাগের দায়িত্ব সামলাবেন।

    বর্তমানে তিনি এডিজি ও আইজিপি, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ, পশ্চিমবঙ্গ) পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি)-এর এডিজি ও আইজিপি পদও সামলাচ্ছিলেন। নতুন নির্দেশ অনুযায়ী, পদোন্নতির পর তিনি ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এসটিএফ, পশ্চিমবঙ্গ হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে অতিরিক্তভাবে ডিজি ও আইজিপি, আইবি, পশ্চিমবঙ্গের দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত থাকবে।

    ১৯৯৫ ব্যাচের এই আইপিএস কর্মকর্তা দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী। বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ অভিযান পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করছে প্রশাসনিক বিভাগ।

    গৃহ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ জনস্বার্থে করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি হওয়া এই নির্দেশিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

    রাজ্য পুলিশের অভ্যন্তরে এই পদোন্নতিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিতে এসটিএফ এবং আইবি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায়, এই দায়িত্ব পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন পদে দায়িত্ব গ্রহণ করবেন জাভেদ শামীম (IPS)।
  • Link to this news (আজকাল)