খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বাবা ও ছেলে!
আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বেনিয়াপুকুর এলাকায় ভোররাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হল বাবা ও ছেলে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এফআইআরে নাম থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বেনিয়াপুকুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেনিয়াপুকুর পুলিশ স্টেশনে দায়ের হওয়া মামলা নং ৪০ (তারিখ: ২৪.০২.২০২৬)-এর তদন্ত চলাকালীন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় যে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে। সেই সূত্র ধরে ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে বিশেষ নজরদারি শুরু করে পুলিশ।
ভোর প্রায় ২টা ৫৫ মিনিট নাগাদ ২ নম্বর রেল গেট সংলগ্ন রিকশা স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই ব্যক্তিকে। পুলিশ এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তাদের পাকড়াও করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহম্মদ আনোয়ার (৫৭), ও মহম্মদ আরশাদ। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের দখল থেকে উদ্ধার হয় একটি দেশি ইম্প্রোভাইজড পিস্তল, একটি ম্যাগাজিন এবং তাতে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ।
গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত আইনসম্মত প্রক্রিয়া মেনে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সমস্তটার যথাযথ তালিকা প্রস্তুত করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫)/১০৯ ধারা সহ আর্মস অ্যাক্টের ২৫/২৭ ধারায় মামলা রুজু রয়েছে। তাদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে, যাতে অস্ত্রের উৎস ও সম্ভাব্য অপরাধচক্রের যোগসূত্র খতিয়ে দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। এতদসত্ত্বেও পুলিশের দ্রুত পদক্ষেপে বড়সড় অঘটন এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে এবং এর মদত ভিন রাজ্য থেকে নাকি এই রাজ্যে, এমনকী এই আগ্নেয়াস্ত্রের প্রস্তুতির জায়গা আসল কোথায়, সবটা খতিয়ে দেখছে পুলিশ।