• ভাঙড়ে ড্রাম বিস্ফোরণ: হার মানল ছোট সাদিকুলের লড়াই
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ের খড়গাছি চাঁদপুর এলাকায় রাস্তা মেরামতের জন্য রাখা রাসায়নিক ড্রাম বিস্ফোরণ হয়। গত মঙ্গলবারের এই ঘটনায় চার শিশু আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষপর্যন্ত জিততে পারল না। হাসপাতালেই মারা গেল শিশুটি। বুধবার ভোরেই কলকাতার এম আর বাঙুর হাসপাতালে মারা যায় নয় বছর বয়সী সাদিকুল আহমেদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

    হাসপাতাল সূত্রে খবর, সাদিকুরেরর দেহের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল বিস্ফোরণের কারণে। সিংহভাগ পুড়ে যাওয়ার কারণেই শেষ পর্যন্ত লড়াই করতে না পেরে মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি দুই শিশু এখনও চিকিৎসাধীন হাসপাতালে। তবে এই শিশুর পরিবার এই মুহূর্তে কোন কিছু বলেনি। তারা কান্নায় ভেঙে পড়েছে। 

    গত মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ক্যানিং বিধানসভার অন্তর্গত ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার ধারে রাখা ছিল রাসায়নিক ভর্তি ড্রাম। ওই ড্রামের পাশেই খেলছিল চার শিশু। হঠাৎই তীব্র বিস্ফোরণে ফেটে যায় ড্রামটি। বিস্ফোরণে আহত চার শিশুই। এদের মধ্যে সাদিকুল ঝলসে যায়। শিশুদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তিন জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কলকাতার এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার মৃত্যু হয় সাদিকুলের। গত আট দিন ধরে অক্লান্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। 
  • Link to this news (আজকাল)