কেরলের নাম বদলে গেল, পশ্চিমবঙ্গের নাম বদল আটকে কেন? ঠিক কোথায় জট...
আজ তক | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
কেরলের নাম বদলে হচ্ছে কেরলম। দীর্ঘিদন ধরে দক্ষিণ ভারতের এই রাজ্যটি নাম বদলের দাবি করে আসছিল, অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবারই নাম বদলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। কেরল ভোটের মাত্র কয়েকমাস আগে এই সিদ্ধান্ত আসায় প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ নিয়েও। কেন বারবার দরবার করা হলেও এখনও পশ্চিমবঙ্গের নাম বদলে কেন্দ্রের আপত্তি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বামেদের সময় থেকে WEST BENGAL নাম বদলের চেষ্টা
উল্লেখ্য বিষয় হল, শুধুমাত্র মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলেই যে পশ্চিমবঙ্গের নাম বদল করার চেষ্টা করা হচ্ছে, তা কিন্তু নয়। বরং ১৯৯৯ সালে জ্যোতি বসুর আমলে প্রথম নাম পরিবর্তনের চেষ্টা হয়েছিল। জানা গিয়েছে, তখন 'পশ্চিম বাংলা' বা 'বাংলা' নামের পক্ষপাতী ছিল বামেরা।
পরে ২০১১ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় ক্ষমতায় আসার পর নাম বদলের প্রস্তাব দেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন, বাংলা ও ইংরাজী উভয় ক্ষেত্রেই রাজ্যের নাম 'পশ্চিম বঙ্গ' করা হোক। কিন্তু তখন থেকেই বাংলার নাম বদলে 'অনীহা' দেখাচ্ছে কেন্দ্র।
কেন পশ্চিমবঙ্গে নাম বদলের প্রস্তাব খারিজ হচ্ছে?
২০১৬ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম বদলের চেষ্টা করেছিলেন। তখন প্রস্তাব দেওয়া হয় রাজ্যের নাম হোক ইংরেজিতে ‘বেঙ্গল’, বাংলায় ‘বাংলা’, হিন্দিতে ‘বঙ্গাল’। যদিও এক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য ছিল একই রাজ্যের নাম তিন ধরনের হতে পারে না।
পরবর্তীতে ২০১৮ সালে ফের একবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের জন্য পাশ করানো হয় 'বাংলা' নামটি। কিন্তু সেই নামেও কেন্দ্রের তরফে অনুমোদন পাওয়া যায়নি।
কেন কেন্দ্র বারেবারে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে?
এক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ সরকারি ভাবে জানা যায় না। তবে একাধিক রিপোর্টে বিভিন্ন দাবি করা হয়। যেমন, দ্য হিন্দুর তরফে একটি রিপোর্টে বলা হয়েছে, 'বাংলা' নামে বিদেশ মন্ত্রক আপত্তি জানিয়েছে কারণ 'বাংলা' নামের সঙ্গে বাংলাদেশের মিল রয়েছে। আন্তর্জাতিক ফোরামে এই নামের মধ্যে পার্থক্য করা কঠিন হবে। ২০১৬ সালেও বাংলার প্রস্তাব সম্পর্কে কেন্দ্র এই একই দাবি করেছিল বলে ২০১৭ সালে রিপোর্টে দাবি করেছিল দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
কেরলের নাম বদল কেন অনুমতি পেল?
আসলে কেরলের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ কেরল বিধানসভা যে প্রস্তাব পাঠিয়েছিল, তা কোনও নতুন নাম নয়। বরং তাদের মাতৃভাষা মালয়ালমে রাজ্যের যে নাম আবহমানকাল ধরে চলে আসছে (Keralam), তাকেই ইংরেজি বানানে স্বীকৃতি দেওয়া হল। এটা অনেকটা 'Calcutta' থেকে 'Kolkata' বা 'Orissa' থেকে 'Odisha' হওয়ার মতো বিষয়।
BJP-CPIM 'সেটিং' নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়
এক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, "কেরলের নাম কেরলম হয়েছে আমরা খুশি, কেরলের সবাইকে আমার শুভেচ্ছা৷ বাংলার নাম বদলের বিষয়ে কেন্দ্রের ২-৩ বার সংশোধনা এসেছে, আমরা সব করেছি, কেন্দ্র যা যা বলেছে সব করেছি, ৫ বছর ধরে কেন্দ্র বাংলার নামটাই করছে না৷"
একইসঙ্গে ফের একবার BJP-CPIM 'সেটিং' আছে বলেও ইঙ্গিত দিলেন মমতা। কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "কেরলের নতুন চ্যাপ্টার ওপেন করলেন৷ সিপিএমের সঙ্গে ভাব হয়েছে বলে আপনারা করলেন৷ এটা এখন আর অলিখিত জোট নয়, কেরলে সিপিএমের সঙ্গে বিজেপি-র লিখিত জোট হয়েছে৷ করেছেন ভাল করেছেন, তাহলে বাংলাকে বাদ দিলেন কেন?"