বাহিনী পৌঁছলে দ্রুত রুট মার্চ শুরুর নির্দেশ কমিশনের
দৈনিক স্টেটসম্যান | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, আইজি-সহ সিআরপিএফ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত হয়, বাহিনী পৌঁছনোর সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট এলাকায় রুট মার্চ করাতে হবে এবং তার পূর্ণাঙ্গ সূচি আগে থেকেই কমিশনকে জানাতে হবে। গোটা প্রক্রিয়ার তদারকি করবেন ডিজি ও নিয়োজিত অবজার্ভাররা। বাহিনীর থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচনে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দফায় মার্চের শুরুতেই ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামবে রাজ্যে। এর মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি থাকবে। বাকি ২৪০ কোম্পানি ১০ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।