কলকাতা থেকে পাহাড়-সমতলকে একগুচ্ছ প্রকল্প উপহার মুখ্যমন্ত্রীর
বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাস্তা থেকে সেতু। ১০০ বেডের হস্টেল থেকে ক্যান্টিন। সেই সঙ্গে মধু প্রস্তুত ইউনিট। বুধবার কলকাতা থেকে দার্জিলিং জেলার পাহাড়-সমতলের জন্য একগুচ্ছ প্রকল্প উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা লক্ষ লক্ষ টাকার প্রকল্প। ভোটের মুখে এনিয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। তারা যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলি ভোটের ময়দানে তুলে ধরতে চাইছে।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের জন্য কাজ করেন। এদিনের অনুষ্ঠান থেকে তা আরও একবার প্রমাণিত। গত লোকসভা ও বিধানসভা ভোটে সফল না হলেও মুখ্যমন্ত্রী আমাদেরকে একের পর এক প্রকল্প উপহার দিচ্ছেন। এবার তাঁকে এখানকার বিধানসভা কেন্দ্রগুলি উপহার দেব। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, এদিন রাস্তা, সেতু, মধু প্রস্তুত কেন্দ্র সহ একগুচ্ছ প্রকল্প উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলি ভোটের ময়দানে তুলে ধরা হবে।
এদিন কলকাতার ভবানীপুরে একটি অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়ালি দার্জিলিং জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়। এজন্য মহকুমা পরিষদের মিটিং হলে একটি অনুষ্ঠান করা হয়। মেয়র ও সভাধিপতি ছাড়াও এখানকার অনুষ্ঠানে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র, অতিরিক্ত জেলাশাসক (মহকুমা পরিষদ) নির্মাল্য ঘরামি, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর সহ পুলিশ ও প্রশাসনের অফিসাররা হাজির ছিলেন। প্রশাসন সূত্রের খবর, এদিন উদ্বোধন ও শিলান্যাস হওয়া প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য শ্রমদপ্তরের ১০০ বেডের হস্টেল কাম ট্রেনিং সেন্টার। মাটিগাড়া ব্লকে এটি তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে ১৪২৪.৩১ লক্ষ টাকা। মাটিগাড়া-ফাঁসিদেওয়া রোডে একটি সেতু নির্মাণের শিলান্যাস করা হয়েছে। এতে খরচ হবে ১৩০৫.৭০ লক্ষ টাকা। ফাঁসিদেওয়া ব্লক অফিসে ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দু’টি ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। সেগুলি তৈরিতে ৩.৪৯ লক্ষ টাকা করে খরচ হয়েছে। কার্শিয়াংয়ে ৩৫.৮০ লক্ষ টাকায় তৈরি মধু প্রস্তুত ইউনিট, ফাঁসিদেওয়ায় ২৭ লক্ষ টাকায় নদী নির্ভর সেচ প্রকল্প, ঘোষপুকুরে ১৬.৩৪ লক্ষ টাকায় কালভার্টের উদ্বোধন করা হয়েছে। এরবাইরে জেলা প্রশাসন রেসকিউ ভ্যান, দমকলের ফায়ার বাইক পেয়েছে।