• প্রান্তিক আলু চাষিদের জন্য হিমঘরে ৩০ শতাংশ জায়গা সংরক্ষণের সিদ্ধান্ত
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • সুখেন্দু পাল, বর্ধমান: এবছর আলুর ‘বাম্পার’ ফলন অবশ্যম্ভাবী। সেই কারণে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য হিমঘরে আলুর রাখার জায়গা সংরক্ষণ করল কৃষি ও বিপণন দপ্তর। তাঁদের জন্য প্রতিটি হিমঘরে ৩০ শতাংশ জায়গা রাখা হবে। প্রতি চাষি সর্বোচ্চ ৩৫ কুইন্টাল বা ৭০ বস্তা আলু রাখতে পারবেন। ২০ মার্চ থেকে প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ‘পাকা’ আলু উঠতে এখনো কয়েক দিন বাকি। পুরোদমে আলু উঠতে শুরু করলে দাম কমার আশঙ্কায় ভোগেন চাষিরা। তাই সরকার চাষিদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রোগেসিভ পটেটো গ্রোয়ারস ট্রেডার্স অ্যাসোসিয়েশন দশ টাকা কেজি দরে আলু কেনার দাবি জানিয়েছে।

    সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, এবছর আবহাওয়া ভালো থাকায় অনেক বেশি আলু উৎপাদন হতে পারে। কিছু কিছু জায়গায় আলু উঠতে শুরু করেছে। প্রত্যাশামতো দাম পাওয়া যাচ্ছে না। চাষিরা লোকসানের মুখে পড়েছেন। চাষির অভাবী বিক্রি বন্ধ করার জন্য স্টোরের গেটে একহাজার টাকা দরে কুইন্টাল পিছু আলু কেনার জন্য অনুরোধ করা হচ্ছে।

    রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমরা সবসময় চাষিদের পাশে থাকি। এবারও চাষিদের সমস্যা হবে না। সময় মতো পদক্ষেপ করা হবে। গত বছরও আমরা সরাসরি চাষিদের থেকে আলু কিনেছিলাম। এবছর ফলন বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেমারি-২ ব্লকের আলু ব্যবসায়ী স্বপন মণ্ডল বলেন, গত মরশুমে হিমঘরে আলু রেখে অনেকে লোকসানের মুখে পড়েছিলেন। বাইরে সেভাবে আলু পাঠানো যায়নি। এবছর তেমন যাতে না হয়, তা সরকারের দেখা উচিত। আর কয়েক দিন পর পুরোদমে ‘পাকা’ আলু উঠতে শুরু করবে। শুরু থেকেই সরকার আলু কিনতে উদ্যোগী হলে চাষিদের সমস্যা হবে না।

    কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবার আলু চাষের এলাকা কমেছে। কিন্তু গাছ ভাল হয়েছে। আলু আকারে বড় হয়েছে। আলু চাষি শুকুর সেখ বলেন, সারের দাম অনেক বেশি। সারের সঙ্গে অনুখাদ্য কিনতে বাধ্য হয়েছি। তারপর আলুর দাম না পাওয়া গেলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে। কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক বলেন, আলু কেনার ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। কবে থেকে বা কত পরিমাণ আলু কেনা হবে, তা চূড়ান্ত হয়নি। তবে, কয়েক দিনের মধ্যেই সরকার আলুর কেনার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)