বিশ্বভারতীর হেরিটেজ বাফার জোনে বাণিজ্যিক নির্মাণ বন্ধ করার নির্দেশ বোলপুর পুরসভার
বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনে হেরিটেজ বাফার জোনের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠছে। এমন অভিযোগ সামনে আসতেই মঙ্গলবার যৌথভাবে সরেজমিনে পরিদর্শনে নামে বিশ্বভারতী। সঙ্গে ছিল পুরসভা ও শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। এদিন পরিদর্শনের পরই বাফার জোনের অন্তর্গত একটি বাড়ির দোতলায় চলা নির্মাণকাজ বন্ধ রাখতে বুধবার নোটিস জারি করেছে পুরসভা। প্রাথমিকভাবে পুরসভার অনুমান, সেখানে নিয়ম ভেঙে বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরির চেষ্টা চলছিল।
উল্লেখ্য, ২০২৩সালে ইউনেস্কো শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ মর্যাদা দেওয়ার পর কোর জোন ও বাফার জোন চিহ্নিত করা হয়। সেই স্বীকৃতির পর থেকেই এই দুই অঞ্চলে কোনও ধরনের বাণিজ্যিক নির্মাণ না করার স্পষ্ট নির্দেশ রয়েছে। সম্প্রতি বাফার জোনে ফের বাণিজ্যিক নির্মাণের অভিযোগ বিশ্বভারতীর কাছে পৌঁছায় বলে সূত্রের খবর। মঙ্গলবার বিশ্বভারতীর কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়কে নিয়ে পুরসভা ও শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিকদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। বৈঠক শেষে সংগীত ও কলা ভবন ছাত্রাবাসের সামনের অভিযোগ ওঠা এলাকায় পরিদর্শনে যান তাঁরা। সেখানে গিয়ে বাফার জোনের মধ্যেই দু’টি স্থানে এমন নির্মাণকাজ নজরে আসে। যা দেখে আধিকারিকদের সন্দেহ হয় যে বাণিজ্যিক নির্মাণের প্রস্তুতি চলছে। এর প্রেক্ষিতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় বিশ্বভারতী ও পুরসভা। একইসঙ্গে একটি বাড়ির দোতলায় চলা নির্মাণ অবিলম্বে বন্ধ রাখতে নোটিস জারি করা হয়েছে। নোটিসে জানানো হয়েছে, পুরসভার অনুমোদিত নকশা ছাড়াই কাজ চলছিল। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পুরসভায় হাজির হতে বলা হয়েছে। নির্দেশ অমান্য হলে পুর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
পুরসভার ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী জানান, পরিদর্শনে বাফার জোনের কাছে দু’টি নির্মাণ আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে নিয়ম বহির্ভূত কাজ চলছে। সেই কারণেই একটি জায়গায় কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। অন্য জায়গাটিও দ্রুত খতিয়ে দেখা হবে।