নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থায়ী ডিজিপি নিয়োগের লক্ষ্যে ফের পদস্থ আইপিএস অফিসারদের তালিকা দিল্লিতে পাঠাচ্ছে নবান্ন। প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হয় ৩১ জানুয়ারি। তারপর ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব নেন ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পান্ডে। ওই দিনই কর্মজীবন শেষ করেন আর এক আইপিএস অফিসার রাজেশ কুমার। অবসরের আগে তিনি ডিজিপি নিয়োগ নিয়ে মামলা করেছিলেন কেন্দ্রীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা ক্যাটে। এই মামলার প্রেক্ষিতে রাজ্যে স্থায়ী ডিজিপি নিযুক্ত করতে ইউপিএসসির কাছে নবান্নকে নতুন প্যানেল পাঠানোর নির্দেশ দিয়েছিল ক্যাট। ১০ জনের নাম দিয়ে সেই প্যানেল পাঠিয়েও দিয়েছে নবান্ন। কিন্তু, ক্যাটের রায়ের বিরুদ্ধে আদালতে গিয়েছিল ইউপিএসসি। যে কারণে ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগ করা সম্ভব হয়নি। তবে এবার নবান্ন এর পাকাপাকি সমাধান চাইছে বলেই খবর। সেই কারণেই ইউপিএসসির কাছে নতুন করে তালিকা পাঠানো হচ্ছে। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি পীযুষ পান্ডে সহ অনুজ শর্মা, এন রমেশবাবু, সঞ্জয় সিংয়ের মতো ডিজি পদে থাকা পুলিশকর্তাদের নাম থাকছে বলে খবর।
স্বাভাবিক নিয়ম অনুযায়ী, এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠকের পরে রাজ্যকে তিন জনের নাম পাঠিয়ে একজনকে স্থায়ী ডিজিপি হিসেবে বেছে নিতে বলা হবে। সেক্ষেত্রে বর্তমান কার্যকরী ডিজিপি পীযুষ পান্ডেই স্থায়ী ডিজিপি হিসেবে নিযুক্ত হতে পারেন। কারণ, প্রশাসনিক মহলের মতে এটি একটি ‘রুটিন প্রসেস’ বলেই দেখছে নবান্ন। বুধবারই এই তালিকা যাওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক কিছু কারণে তা পাঠাতে আরও দু’-একদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানার স্থায়ী ডিজিপি নিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার নির্দেশ অনুযায়ী, তেলেঙ্গানা সহ যেসব রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়ে সমস্যা রয়েছে, সেগুলি মেটাতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতেই ইউপিএসসি সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদমর্যাদায় থাকা আধিকারিকদের নাম ১০ দিনের মধ্যে পাঠাতে বলে। আগামী শুক্রবার এই সময়সীমা শেষ হচ্ছে।