এই সময়: হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড বিপর্যয়ের পরিস্থিতিতে মেট্রোর রেক যাতে ট্র্যাকে আটকে না পড়ে, সে জন্যে ‘ব্যাকআপ’ হিসেবে বিকল্প ব্যবস্থার বন্দোবস্ত করা হলো কলকাতায় (Kolkata)।
বুধবার ব্লু–লাইনের (Blue Line) সেন্ট্রাল মেট্রো স্টেশনে উদ্বোধন করা হলো ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের। রেলে (Indian Rail) দেশের মধ্যে এই প্রথম এই ধরনের বিইএসএস সিস্টেম চালু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার এসএস. মিশ্র।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থায় ইনভার্টার ও অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল (এসিসি) ব্যাটারি সংযুক্ত রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড বিপর্যয়েও এই ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহে সক্ষম। এতে ৬.৪ মেগাওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি শক্তি সঞ্চয়ের উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন এই ব্যবস্থা এমন ভাবে নকশা করা হয়েছে যে, গ্রিড বিপর্যয়ের ফলে টানেলের মাঝে ট্রেন আটকে পড়লে সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করে সেটিকে ঘণ্টায় ৫৫ কিলোমিটার গতিতে পরবর্তী স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। পাশাপাশি ভূগর্ভস্থ স্টেশনগুলির টানেল ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহেও এটি সক্ষম।