• মাধ্যমিক ছাত্র খুনে জ্বলছে মানিকচক, রাজ্য সড়কে দেহ রেখে বিক্ষোভ
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • মানিকচকে (Malda Manikchak) মাধ্যমিক ছাত্র খুনের (Madhyamik Student Murder) ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ পরিবারের। দ্রুত শাস্তির দাবিতে দেহ নিয়ে চলল রাস্তা অবরোধ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। মৃতদেহ রেখে মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

    স্থানীয় সাহেবনগর গ্রামের বাসিন্দা সোয়েল শেখ (১৬)। অভিযোগ, তারই এক বন্ধু তার নাম ব্যবহার করে ফেসবুকে প্রোফাইল খোলে। সেই প্রোফাইল থেকে মেয়েদের সঙ্গে চ্যাট করে এবং সোহেলের নামে মিথ্যা কথা রটায়। বিষয়টি সোয়েল জানতে পেরে বাড়িতে জানায়।

    এর পরেই গত ২২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে কথা বলতে সোয়েল ওই বন্ধুর বাড়িতে যায়। অভিযোগ, তাতে সোয়েলের উপরে চটে যায় ওই বন্ধু ও তার পরিবার। লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় সোয়েলকে। পরিবারের লোকেরা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সেখানেই মৃত্যু হয় তার।

    এ দিকে ঘটনার পরে দেহ সৎকার না করে বৃহস্পতিবার পথে নামে সোয়েলের আত্মীয়, এলাকার লোকেরা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)