আজকাল ওয়েবডেস্ক: ফের কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হল সিকিম-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। যদিও মৃদু কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে বিশেষত দার্জিলিং, কালিম্পংয়ে বহু পর্যটক রয়েছেন। ভূমিকম্প টের পেতেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৮। সিকিমের পাশাপাশি এদিন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়েছে। সিকিমে ভূমিকম্পের পরেই উত্তরবঙ্গে এক ঘণ্টার মধ্যে দু'বার কম্পন অনুভূত হয়েছে।
দিন কয়েক আগেই সিকিমে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেবার ভূমিকম্পের উৎসস্থল ছিল রাবাংলা থেকে আট কিলোমিটার দক্ষিণে। সে সময় কয়েক ঘণ্টার ব্যবধানে ১৩ বার কম্পন অনুভূত হয়েছিল। ফেব্রুয়ারির শুরু থেকেই একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিকিম। গত ২০ দিনে ৫০-এর বেশি কম্পন অনুভূত হয়েছে।
যদিও জোরালো ভূমিকম্প অনুভূত হয়নি। বারে বারে ভূমিকম্প হলেও, রিখটার স্কেলে তার মাত্রা ৪-এর আশেপাশে ছিল। এমনকী উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও একদিনে ১২বার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে সিকিমের গেলসিংয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। মূল কম্পনের পর পাঁচবার আফটারশক অনুভূত হয়েছে সিকিমে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিম। সেদিন শিলিগুড়ি, জলপাইগুড়িতেও মৃদু কম্পন অনুভূত হয়েছিল। সেবার গ্যাংটক, পেলিংয়ে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছিল, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালসিং-এর ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫।
গতকাল বুধবার রাতে বাংলাদেশেও মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছিল। সেই কম্পনের তীব্রতা ছিল ৫.১। তবে কোনও ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওযা যায়নি। হতাহতের খবর নেই।