• উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র ফুলবাড়ি
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় বৃহস্পতিবার ‘উত্তরকন্যা' অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা এই কর্মসূচি ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। দীর্ঘক্ষণ উত্তপ্ত থাকে গোটা এলাকা।

    আদিবাসী জনজাতিদের অভিযোগ, মুন্ডা বস্তিতে জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তার দাবিতে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা'র উদ্দেশ্যে মিছিলের ডাক দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জনজাতি সম্প্রদায়ের লোকজন জড়ো হতে থাকেন। মিছিল ফুলবাড়ি হয়ে প্রশাসনিক ভবন উত্তরকন্যার দিকে অগ্রসর হতে থাকলে বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড গড়ে পথ আটকে দেয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যারিকেডের সামনে পৌঁছে বিক্ষোভকারীদের একাংশ ধাক্কাধাক্কি শুরু করেন। ব্যারিকেড ভাঙার চেষ্টাও হয় বলে অভিযোগ। পুলিশ প্রথমে মাইকিং করে সতর্ক করে। কিন্তু বারবার সতর্ক করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। শেষপর্যন্ত উত্তেজনা চরমে উঠলে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। এরপরও উত্তেজনা না কমায় জলকামান ব্যবহার করা হয় এবং তাতেও কাজ না হওয়ায় টিয়ার গ্যাস ছোঁড়া হয়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিলের এক বিরাট অংশ।

    সূত্রের খবর, ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিক্ষোভকারী ও পুলিশ দু’পক্ষেরই কয়েকজন রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। আইন নিজের হাতে না তুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের নেতাদের বক্তব্য, “ন্যায়বিচার না পেলে আন্দোলন চলবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।”

     
  • Link to this news (আজকাল)