• দলের আগেই বিজেপির প্রার্থীর নাম ফাঁস দিলীপের, তুমুল বিতর্ক
    আজ তক | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • এখানে শান্তিতে থাকতে গেলে বিজেপি সরকার চাই। তাই গতবার যেভাবে নীলাদ্রিকে জিতিয়েছিলেন, এবারে আরও বেশি ভোট দিয়ে নীলাদ্রিদাকে জেতাতে হবে। BJP প্রার্থী ঘোষণার আগেই বিজেপির প্রার্থীর নাম আগাম জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। প্রকাশ্য সভায় বলতে উঠে তিনি বিজেপির ক্যান্ডিডেট কে হচ্ছে তার নাম নিজেই ঘোষণা করে দিলেন। আর তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। 

    দলীয় নেতৃত্বের প্রার্থী তালিকা ঘোষণার আগেই দিলীপ ঘোষের এইরকম নাম ঘোষণা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। ঘোষণা হয়নি কোনও দলেরই দলীয় প্রার্থীর নাম। তার আগেই দলীয় কর্মসূচীতে গিয়ে পরোক্ষে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যেই বলে দিলেন বাঁকুড়ায় বিজেপির প্রার্থী হচ্ছেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাই। দিলীপ ঘোষের এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। 

    সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের অন্যতম রাজনৈতিক কৌশল হিসাবে দলীয় ভাবে প্রার্থী তালিকা ঘোষণার আগে কোন দলই সেভাবে প্রার্থীর নাম প্রকাশ্যে আনছে না। কিন্তু সেই কৌশলের তোয়াক্কা না করে বাঁকুড়ায় দলীয় কর্মসূচীতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার প্রকাশ্যে কার্যত ঘোষণাই করে দিলেন বাঁকুড়ায় বিজেপির প্রার্থী হচ্ছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানাই। বুধবার সন্ধেয় বাঁকুড়ার ধলডাঙ্গায় চা চক্রে  বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্যেশ্যে বলেন- পশ্চিমবঙ্গ থেকে এখন হিন্দুরা অন্য জায়াগায় পালাচ্ছে। মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িঘর, মন্দির ভেঙে দিয়েছে। প্রাণ ভয়ে তাঁরা সেখান থেকে পালিয়েছে। মহিলাদের ওপর অত্যাচার করছে। হিন্দুদের দোকান জ্বালিয়ে দিয়েছে। এখানে যদি আবার তৃণমূল সরকার আসে, তাহলে আমাদেরও বাংলাদেশে চলে যেতে হবে। এখানে শাস্তিতে থাকতে গেলে বিজেপি সরকার চাই। তাই গতবার যেভাবে নীলাদ্রিকে জিতিয়ে ছিলেন, এবারে আরও বেশি ভোট দিয়ে নীলাদ্রিদাকে জেতাতে হবে। যদি বিজেপি সরকার তৈরি হয় কোনও চোর, গুণ্ডা চমকাতে পারবে না। ছেলে-মেয়েকে বাইরে কাজের জন্য যেতে হবে না।

    দিলীপ ঘোষের এই মন্তব্যে আসলে সামনের নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে নীলাদ্রি শেখর দানার নামই যে চূড়ান্ত তা প্রকাশিত হয়ে গেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    এ প্রসঙ্গে পরে দিলীপ ঘোষ বলেন- নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার বর্তমান বিধায়ক। বিশেষ প্রয়োজন ছাড়া দল প্রার্থী বদল করে না। তাই তিনি এই মন্তব্য করেছেন। বিধায়ক নীলাদ্রি শেখর দানা অবশ্য জানিয়েছেন- দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় প্রার্থী তালিকা ঘোষণা হলেই বিষয়টি পরিষ্কার হবে। বাঁকুড়ার বিজেপি প্রার্থী কে তা নিয়ে অবশ্য প্রকাশ্যে বিশেষ আগ্রহ দেখাতে নারাজ তৃণমূল। তৃণমূলের দাবি গত ৫ বছর বিজেপির বিধায়ককে দেখা যায়নি। এখন ভোট এসেছে তাই বিধায়ককে বিভিন্ন কর্মসূচীতে দেখা যাচ্ছে। তাই বিজেপির কে প্রার্থী হল তাতে তৃণমূলের কিছু যায় আসে না।
  • Link to this news (আজ তক)