• ‘বাগান বিলাসি’ ফুলে যেন রঙিন জগৎ মুখার্জি পার্ক, ভরা বসন্তে বাড়ছে ভিড়
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকলের কাছে পরিচিত ‘কাগজ ফুল’ নামে। কেউ কেউ ভালোবেসে বলে ‘বাগান বিলাসি’। ভরা ফাগুনে নানা রঙে রেঙে সে ফুল মাত করে দিয়েছে জগৎ মুখার্জি পার্কের বাগান। রঙের উৎসব দোল কাছে চলে এসেছে। আবীর-রঙে রঙিন শহর। শহরের কোথাও কোথাও উকি দিয়েছে লাল পলাশ। তার মাঝে উত্তর কলকাতার শ্যামপুকুরের কাছে সকলের পরিচিত বাগানটিতে বর্ণময় আলোর মতো ঝিকমিক করছে গাছ ভর্তি বিভিন্ন রঙের কাগজ ফুল। সাদা, লাল, গোলাপি, হলুদ আরও কত কি তার রং!

    সেখানে নানা ধরনের ফুলগাছ আর বনসাইয়ের সমাহার। তবে বাগানজুড়ে থাকা কাগজ ফুলের গাছকেই ভালোবেসে ফেলেছেন ঘুরতে আসা মানুষরা। এ ফুলের গাছ হয় টবে নয় মাটিতে পোঁতা। রঙের ছটা ছড়িয়ে পড়ছে সর্বত্র। ফুলের কয়েকটি গাছ লতিয়ে উঠে রং ছড়াচ্ছে অন্য গাছে। মঙ্গলবার বিকেলে পার্কে এসেছিল কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র‑ছাত্রীরা। তারা মোবাইল ফোনে একের পর এক তুলল বিভিন্ন রঙের কাগজ ফুলের ছবি। কেউ তখনই সে ছবি ফেসবুকে পোস্ট করল। সে সময় বাগান ঘুরে দেখছিলেন রুবি ভাদুড়ি নামে এক গৃহবধূ। তিনি বলেন, ‘এত সুন্দর ফুলের বাগান সত্যিই চোখ জুড়নোর মতো। হাওয়ায় কাগজফুল মাথা দোলাচ্ছে। সত্যিই অনবদ্য।’ বাগান দেখভালের দায়িত্বে থাকা একজনের কাছে জানতে চাইলেন, টবে থাকা কাগজ ফুলের গাছ বিক্রি হয় কি? তাঁকে বলা হল, এখানে ফুলের গাছ বিক্রি হয় না। শুধু সাজানোর জন্য রাখা। পার্কে মাঝে মধ্যে আসেন সুজয় সেনগুপ্ত নামে এক বৃদ্ধ।

    তিনি বলেন, ‘রবীন্দ্রসরণিতে থাকি। পার্কটি বেশ সাজানো‑গোছানো বলেই ঘুরতে আসি। আগে চারধারে শুধু গোলাপি কাগজ ফুলই ছিল। এখন নানা ধরনের কাগজ ফুল দেখতে পাই। বেশি ভালো লাগে টকটকে লাল ও হলুদ রঙের কাগজ ফুল। এখান থেকেই একটি গাছের ডাল নিয়ে বাড়িতে বড়ো টবে লাগিয়ে ছিলাম। এখন তাতে ছেয়ে গিয়েছে হলুদ কাগজ ফুলে।’

    পার্কে মাঝে মধ্যে পত্র‑পত্রিকা পড়তে আসেন প্রীতি মাইতি নামে এক তরুণী। তিনি বলেন, ‘বাগানে বিভিন্ন রকমের কাগজ ফুলের গাছ দেখে ভালো লাগছে। বন্ধুদের এনেও বাগান দেখিয়েছি। সত্যিই ফুলের বাগানটি মনে রাখার মতো।’
  • Link to this news (বর্তমান)