হঠাৎ বন্ধ করে দেওয়া হল পোস্ট অফিসের দরজা, চাঞ্চল্য কাকদ্বীপে
বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: হঠাৎই বন্ধ করে দেওয়া হল কাকদ্বীপের পোস্ট অফিসের দরজা। বাইরে দাঁড়িয়ে রইলেন বহু মানুষ। জানা গিয়েছে, সকাল দশটা নাগাদ পোস্ট অফিসের দরজা খোলা হয়েছিল। শুরু হয় কাজও। কিন্তু ঘণ্টাখানেক পর হঠাৎই পোস্ট অফিসের মূল দরজায় চাবিতালা লাগিয়ে চলে যান কর্মীরা। কেন তাঁরা চলে গিয়েছেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। পরে জানা যায়, একটি হুমকি ই-মেইল এসেছে। যার জেরে কোনও ঝুঁকি নেয়নি কর্তৃপক্ষ। এমনই হুমকি বার্তা রাজ্যের আরও অনেকগুলি পোস্ট অফিসে এসেছে।
খবর পেয়ে দুপুর দেড়টা নাগাদ পোস্ট অফিসে আসে কাকদ্বীপ থানার পুলিশ। পোস্ট মাস্টারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তারা। এর কিছুক্ষণ পরে সুন্দরবন পুলিশ জেলার ডিআইবি ফোর্স ঘটনাস্থলে আসে। এখন পোস্ট অফিস চত্বরজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। উপস্থিত রয়েছেন কাকদ্বীপের এসডিপিও বিশ্বজিৎ নস্কর ও কাকদ্বীপ থানার আইসি অমিয় কুমার ঘোষ। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।