• কমিশনের চোখে রাজ্যে অর্ধেক বুথই স্পর্শকাতর!
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে জট অব্যাহত। আর এর মধ্যেই এবার আসন্ন নির্বাচনে রাজ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা নির্ধারণ করে ফেলল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজ্যের অর্ধেকের কিছু বেশি বুথকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসাবে গণ্য করা হয়েছে।

    সমস্ত জেলা থেকে হিসাব আসার পর দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রায় ৪১ হাজার ৪০০ বুথ সংবেদনশীল। তার মধ্যে প্রায় ৬ হাজার ৮০০’র কাছাকাছি বুথকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। কমিশন সূত্রে খবর, মূলত দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, নদীয়ার সীমান্তবর্তী এলাকা, হুগলির একাংশ এবং উত্তর দিনাজপুরের মতো জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি। আর সেই কারণেই রবি বা সোমবার রাজ্যে পা রাখছে ২৪০ কোম্পানি আধাসেনা। এই স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েনের জন্য।

    তবে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার-সহ কমিশনের প্রায় ৮ জন আধিকারিক পশ্চিমবঙ্গে আসছেন না। ১ এবং ২ মার্চ জেলা নির্বাচনি আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁদের। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ১ মার্চ ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ রয়েছে। উপরন্তু, তার আগের দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। ৩ মার্চ দোলযাত্রা। এই পরিস্থিতিতে রাজ্যের অনুরোধে কমিশনের প্রতিনিধিরা সফর পিছিয়ে দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)