• সংগঠন নেই, বাংলার ভোটে ভরসা কনটেন্ট ক্রিয়েটররা! বিজেপির হয়ে রিল বানালেই ২০ হাজার
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। বুথভিত্তিক সংগঠন ছন্নছাড়া। তাই বিজেপির ভরসা এখন সোশ্যাল মিডিয়াই! ফেসবুক, হোয়াটসঅ্যাপ ‘ইউনিভার্সিটি’ তো ছিল, এবার প্রয়োজন ইনস্টাগ্রামের ‘পঠনপাঠন’। সেখানে পড়াশোনা করিয়ে বিজেপির পক্ষে জনমত তৈরি করতে নামানো হচ্ছে ‘কনটেন্ট ক্রিয়েটর’দের। অনলাইনে রিল বানিয়ে তাঁরা লাগাতার প্রচার চালাবেন। পদ্মপার্টির পালে হাওয়া তোলার এই কাজ অবশ্য মাগনায় হবে না! বিজেপি ভালো, বাকি সব মন্দ—এহেন একটা রিল ইনস্টাগ্রামে পোস্ট করলেই মিলবে কড়কড়ে ২০ হাজার টাকা। গেরুয়া শিবিরের এই নয়া উদ্যোগের পোশাকি নাম—‘পেইড পলিটিকাল ক্যামপেইন ফর বিজেপি’। বিষয়টি যে ‘পেইড পলিটিকাল কোলাবরেশন’, সেটা স্পষ্টভাবে জানানো হচ্ছে। ইনস্টাগ্রামে প্রচুর ‘ভিউ’ রয়েছে, এমন ‘কনটেন্ট ক্রিয়েটর’দের কাছে ইতিমধ্যেই গিয়েছে ইমেল। ‘রোজগারে’র সেই প্রস্তাব অবশ্য সরাসরি পদ্মপার্টির আইটি সেল থেকে দেওয়া হচ্ছে না। ইমেলগুলি আসছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সিগুলি থেকে। আগ্রহী ‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য সেই ইমেলে থাকছে একটি গুগল ফর্মের লিংক। তাতে ক্লিক করে জমা দিতে হচ্ছে আবেদনপত্র। সেটা পূরণ করলেই কাজ শেষ! বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রচারের সঙ্গী হবেন সেই কনটেন্ট ক্রিয়েটর।

    কিন্তু শুধু ইনস্টাগ্রাম কেন? ফেসবুক বা ইউটিউবে প্রচারের জন্য কেন আবেদন চাওয়া হল না? পদ্মপার্টির আইটি সেলের এক কর্তার কথায়, গত একবছরের বেশি সময় ধরে বাংলার বেশ কয়েকটি নিউজ পোর্টাল বিজেপির হয়ে নাগাড়ে প্রচার করে চলেছে। আর্থিক ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে তাদের। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের নেতিবাচক দিকগুলোকে তুলে ধরাই তাদের কাজ। তৃণমূল নেতা-নেত্রীদের নানা ‘কুকীর্তি’ও ফাঁস করছে তারা। এছাড়াও ভিনরাজ্যের সঙ্গে বাংলার তুলনা করে ফেসবুকে পদ্মপার্টির হয়ে জনমত গঠনের কাজে নেমেছেন প্রবাসে কর্মরত বেশ কয়েকজন বিশিষ্ট বাঙালি। সেই তুলনায় ইনস্টাগ্রামে প্রচার অনেক কম। অথচ যুব প্রজন্মের কাছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কদর তুঙ্গে। আইটি সেলের ওই কর্তার জানাচ্ছেন, মুঠোফোন নির্ভর দিনযাত্রায় ইনস্টাগ্রামের প্রভাবও যথেষ্ট। তাই বিধানসভা ভোটের প্রচারে এই প্ল্যাটফর্মের কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইছে দল।

    তবে ইনস্টাগ্রামে যেনতেন কনটেন্ট পোস্ট করা ক্রিয়েটর হলে চলবে না! প্রচারের কাজে কাকে নেওয়া হবে, সেব্যাপারে কিছু শর্ত বেঁধে দিয়েছে বিজেপি। একটা রিলে ২০ হাজার টাকা পেতে হলে কী কী লাগবে? এক, হতে হবে এ রাজ্যের বাসিন্দা। দুই, কমপক্ষে ১৫ হাজার ফলোয়ার এবং তিন, কনটেন্ট পিছু গড়ে ১০-১৫ হাজার ভিউ। এসব শর্ত পূরণ হলেই তবে পদ্মপার্টির প্রচারযন্ত্রে শামিল হওয়া যাবে। যে আবেদনপত্রটি পূরণ করতে হবে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের, সেখানে নাম, ঠিকানা, ই-মেল আইডি, ফোন নম্বর, ইনস্টাগ্রাম লিংকের সঙ্গে ফলোয়ার্সের সংখ্যা জানানোটা বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট কোনো ভাষার শর্ত নেই। বাংলা, হিন্দি, ওড়িয়া বা ইংরেজি যে-কোনো ভাষার ক্রিয়েটরই স্বাগত বিজেপির প্রচার পর্বে।
  • Link to this news (বর্তমান)