• মাটির প্রদীপের কারখানায় অভিযান, উদ্ধার ভিনরাজ্যের ৩৪ শিশুশ্রমিক
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: মাটির প্রদীপ, হাঁড়ি, ভাঁড় তৈরির দু’টি কারখানায় অভিযান চালিয়ে ভিনরাজ্যের ৩৪ শিশুশ্রমিককে উদ্ধার করা হল। বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের কালাবড়ুর ঘটনা। যদিও কারখানার মালিকরা পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওই শিশুশ্রমিকদের পাথরপ্রতিমার হোমে পাঠানো হয়েছে।

    বুধবার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ও দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু অধিকার সুরক্ষা ইউনিটের কাছে খবর আসে যে, হাড়দহ এলাকায় মাটির প্রদীপ তৈরির কারখানাতে শিশুশ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। সেই মতো দক্ষিণ ২৪ পরগনা আইনি সহায়তা কেন্দ্রের সম্পাদক হেমন্তিকা সুন্দর ও বারুইপুর থানার পুলিশকে নিয়ে অভিযানে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি সুস্মিতা চন্দ্র ও দক্ষিণ ২৪ পরগনা শিশু অধিকার সুরক্ষা ইউনিটের কাউন্সিলার অর্পিতা রায়চৌধুরী। দু’টি কারখানা থেকে উদ্ধার করা হয় শিশুশ্রমিকদের। বেশিরভাগের বাড়ি বিহার, ঝাড়খণ্ড এলাকায়। কালাবড়ু থেকে ঘুঁটিয়ারি শরিফ যাওয়ার রাস্তায় ও উত্তরভাগ থেকে কাটাখাল যাওযার রাস্তায় এই রকম মাটির হাঁড়ি, ভাঁড়, প্রদীপ তৈরির কারখানা রয়েছে। সেখানেই কাজে লাগানো হয় ভিনরাজ্যের শিশুশ্রমিকদের। সূত্রের খবর, এদের দিয়ে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করানো হতো। মাটির পাত্র তৈরি করে রং করা, ভারী বোঝা তোলা, প্যাকেজিং– সবই তাদেরকে করতে হতো। এদের থাকার জায়গাও অস্বাস্থ্যকর।

    তিন বা পাঁচ বছর আগে এঁদের আনা হয়েছিল কারখানাগুলিতে। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি সুস্মিতা চন্দ্র বলেন, প্রত্যেক শিশু যাতে সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। থানায় কারখানাগুলির মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই শিশুদের কারা এনেছিল কারখানায়, তাও পুলিশ খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)