• আমতা ২ নম্বর ব্লকে মজা দামোদরের উপর তৈরি হবে তিন লোহার সেতু
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা ২ নম্বর ব্লকের ঝিকিরা ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাওয়া মজা দামোদরের দু’পাড়ে প্রচুর কৃষিজমি রয়েছে। সেখানে বছরভর চাষাবাদ চলে। ফলে কৃষকদের প্রতিদিন কাঠের সেতু পেরিয়েই মজা দামোদর ওপারে যেতে হয়। তবে ফি বর্ষায় নড়বড়ে হয়ে যায় এই সেতু। কখনও কখনও ভেঙেও পড়ে। সেই সময় সমস্যায় পড়েন কৃষকরা। তাঁদের এই সমস্যার সমাধানে তিনটি কাঠের সেতুর পরিবর্তে তিনটি লোহার সেতু তৈরি করেছে সেচদপ্তর। দপ্তর সূত্রে খবর, ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কামারখোলা গ্রামে এবং ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের শিবগাছিয়া গ্রামের বাগপাড়ায় ও মিলিটারিপোতা এলাকায় লোহার সেতুগুলি তৈরি করা হচ্ছে। এইজন্য খরচ হচ্ছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, মজা দামোদরের উপর কাঠের সেতু দিয়ে নদীর এপাড় থেকে অন্যপাড়ে ফসল ও অন্যান্য মালপত্র নিয়ে আসতে সমস্যায় পড়তে হত কৃষকদের। সেই সমস্যার নিরসনে পাকাপাকিভাবে তিনটি লোহার সেতু তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, প্রতি বছর কাঠের সেতুগুলি মেরামত করতে সরকারের প্রচুর টাকা খরচ হত। সেই খরচ আর হবে না। লোহার সেতু তৈরি হওয়ায় দু’টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন। তবে শুধু তিনটি নয়, আগামী দিনে এমন আরও কয়েকটি কাঠের সেতুর পরিবর্তে লোহার সেতু তৈরি করা হবে। এই কাজে খুশি এলাকার মানুষ। তাঁদের মতে, ফি বর্ষায় কাঠের সেতু ভেঙে গেলে সমস্যায় পড়তে হত আমাদের। এবার সেই সমস্যা মিটবে।
  • Link to this news (বর্তমান)