নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পূর্ব মেদিনীপুরের তমলুকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান খুকুরানি মণ্ডল ঘড়াইয়ের ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কারণ, এই রায়ের পর তাঁর পঞ্চায়েত প্রধান পদ তো দূরের বিষয়, সদস্যপদও থাকবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষিত আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন খুকুরানি। ভোটে জয়ী হয়ে পঞ্চায়েত প্রধানও হন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে ভুয়ো ওবিসি শংসাপত্র দেখিয়ে নির্বাচনে লড়াই করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী রণজিৎ রক্ষিত।
মামলাকারী গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনে লড়েছিলেন ওবিসি সংরক্ষিত প্রার্থী হিসাবে। উলটো দিকে খুকুরানি ঘড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। আর এই পঞ্চায়েতে প্রধানের পদটি সংরক্ষিত রয়েছে ওবিসি সদস্যদের জন্য। ওই পঞ্চায়েতে তৃণমূল জয়ী হওয়ায় খুকুরানি ঘড়াই প্রধান হয়েছিলেন। নির্বাচনের পরে মামলাকারী কোনোভাবে জানতে পারেন, খুকুরানি সম্পূর্ণ ভুয়ো নথি দেখিয়ে নির্বাচনে লড়াই করেছেন। তারপর পরাজিত প্রার্থী কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন খুকুরানির শংসাপত্র বাতিল করা হোক। কিন্তু, কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।এরপর কলকাতা হাইকোর্টে মামলা হলে বিচারপতি কৃষ্ণা রাও তমলুকের মহকুমা শাসককে তদন্ত করে ৩ মাসের মধ্যে পদক্ষেপ করতে নির্দেশ দেন। মহকুমা শাসক সব নথি খতিয়ে দেখে যে রিপোর্ট জমা দেন, সেখানে উল্লেখ করা হয় খুকুরানি ঘড়াই ওবিসি শ্রেণি ভুক্ত নন। কিন্তু, তার পরও তাঁর ওবিসি শংসাপত্র বাতিল করা হয়নি বলে অভিযোগ ওঠে। অবশেষে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও আগামী ৭ দিনের মধ্যে খুকুরানির ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন।