নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকের উত্তরপত্রের সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। বলা হয়েছে, উত্তরপত্র বাড়িতে রাখার সময় বা মূল্যায়নের সময় বিশেষ যত্নবান হতে হবে শিক্ষকদের। এমনভাবে সেগুলি রাখতে হবে যাতে ভিজে গিয়ে, পোকামাকড় বা বাড়ির পোষা প্রাণীর দ্বারা যেন সেগুলি ক্ষতিগ্রস্ত না-হয়। পরিবহণ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। টিচার্স রুম বা অন্যকোনো পাবলিক প্লেসে সেগুলি মূল্যায়ন করা যাবে না। এতে গোপনীয়তা লঙ্ঘন হওয়ার পাশাপাশি উত্তরপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। পাশাপাশি, পর্ষদের বেঁধে দেওয়া সময় মেনে যাতে মেনে উত্তরপত্র জমা দেওয়া হয়, সেটাও ফের মনে করিয়ে দেওয়া হয়। অন্যদিকে, নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য লেট ফাইন-সহ অনলাইন আবেদনের সুযোগ দিচ্ছে পর্ষদ। বুধবার থেকে তা খোলা থাকবে ৭ মার্চ, বিকেল ৪টে পর্যন্ত। https://registration.wbbsedata.com পোর্টালে গিয়ে আবেদন জানানো যাবে। তবে, এই সময়ের পরে কোনও আবেদন গ্রাহ্য হবে না বলেই পর্ষদ জানিয়েছে।