• রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১ মার্চ শুরু বিজেপির ‘রাজনৈতিক রথের’ যাত্রা
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্চে মাসের পয়লা দিনেই বাংলাজুড়ে আনুষ্ঠানিক ভোটের দামামা বাজাতে শুরু করছে বিজেপি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলের সামনে রীতিমতো কুঁকড়ে রয়েছে গেরুয়া শিবির। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রীর বিকল্প হিসেবে ভোটারদের নিজেদের দিকে টানার তেমন কোনও বক্তব্য নেই বিরোধীদলের। তাই বাধ্য হয়ে ফের নিজেদের পুরনো অস্ত্র ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়ার খেলাতেই নামছে পদ্ম শিবির। খোদ কেন্দ্রীয় সর্বোচ্চ নেতৃত্বকে সামনে রেখে ভোটের প্রাক্কালে বাংলায় ফের ‘রথ রাজনীতি’তে ফিরছে বিজেপি। পরিবর্তন যাত্রার নামে ১ মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রথ যাত্রার সূচনা করছে কেন্দ্রীয় শাসকদল। একলপ্তে প্রথমসারির একগুচ্ছ নেতাদের এই রথের চাকা গড়ানোর অভিযানে আগে দেখা যায়নি বলে দাবি ওয়াকিবহাল মহলের। সূত্রের দাবি, ১ মার্চ রথযাত্রা উপলক্ষ্যে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয়মন্ত্রী অন্নপূর্ণা দেবী। রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজির থাকবেন এই শীর্ষ নেতৃত্ব।

    এখনও পর্যন্ত খবর, কোচবিহারে থাকবেন নীতিন নবীন। মথুরাপুর কিংবা রায়দিঘিতে রথের উদ্বোধনে থাকবেন অমিত শাহ। কৃষ্ণনগর থেকে রথের শুভ সূচনা করবেন জেপি নাড্ডা। গড়বেতা ও কুলটি থেকে রথের চাকার গড়ানোর সাক্ষী থাকবেন যথাক্রমে ধর্মেন্দ্র প্রধান ও অন্নপূর্ণা দেবী। পরদিন অর্থাৎ ২ মার্চ ইসলামপুরে থাকবেন নীতিন নবীন। হাওড়ার আমতায় রথের সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাতে বীরভূম থেকে পার্টির রাজনৈতিক রথ উদ্বোধন হবে। শাহজাহান কাণ্ডে বিখ্যাত সন্দেশখালিতে আসছেন কেন্দ্রীয়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই রথগুলি একত্রিত হয়ে আগামী ১৫ মার্চ ব্রিগেডে মিশবে। ওইদিন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হওয়ার কথা রয়েছে।
  • Link to this news (বর্তমান)